ভূরাজনীতি

বিপদের গভীরতা বুঝেও সচেতন না হওয়া ‘আগুনে ঝাপ দেয়া’: কাদের

বিপদের গভীরতা ও মাত্রা বুঝেও যদি সচেতনতা না হই তাহলে তা হবে জেনেশুনে আগুনে ঝাপ দেয়ার সামিল বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৫ জুন) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাসের মহামারি থেকে রক্ষা পেতে সরকার নানা সীমাবদ্ধতা নিয়েও দিনরাত কাজ করে যাচ্ছে। এ মহামারিতে নিজের জন্য নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না। করোনার সংক্রমণ ও বিস্তার দিন দিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।

তিনি বলেন, করোনা ভাইরাস থেকে ভালো থাকার মূলে সচেতনতা, আর রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদারে সার্বজনীন ঐক্য প্রয়োজন। দরকার সম্মিলিত এবং সমন্বিত প্রয়াস চালাচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, আসুন আমরা সরকারের নিরলস প্রয়াসে একে অপরকে সহযোগিতা করি। প্রকারান্তরে তা নিজেকে নিজের সহযোগিতা করা হবে। সংক্রমণ না লুকিয়ে রেখে, সাথে সাথে নিজ উদ্যোগে টেস্ট এবং আইসোলেশনে থাকি। এক্ষেত্রে নিজেসহ পরিবার ও সমাজকে বাঁচানোই হবে মূল কাজ।

তিনি বলেন, ইস্পাতকঠিন ঐক্য ও সচেতনতার প্রাচীর গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আবার ফিরে পাবো চিরচেনা জগত। ফুল, ফল, ফসল হাসি-আনন্দের বাংলাদেশ, উদ্বেগহীন গোধূলি আর আশা জাগানিয়া সূবর্ণ প্রভাত আবারও ফিরে আসবে, ইনশাআল্লাহ।

ইতিমধ্যে জাতীয় নেতা মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দীন কামরানসহ অনেক নেতা, দেশবরেণ্য শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং অন্যান্য পেশার মানুষ মৃত্যুবরণ করেছেন। তাদের সবার আত্মার শান্তি কামনা করে গভীর শোক জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

করোনার এই দুঃসময়ে সংকটের সাহসী নেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button