বাসে অগ্নিসংযোগ প্রমাণ করে বিএনপি তাদের চিরাচরিত অভ্যাস থেকে সরেনি:কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, ‘বাসে অগ্নিসংযোগ ও নাশকতা প্রমাণ করে বিএনপি তাদের চিরাচরিত অভ্যাস থেকে সরতে পারেনি। বিএনপির এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরেনের কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেবে আওয়ামী লীগ।’
শুক্রবার (১৩ নভেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের, ‘বিএনপি নির্বাচনে অংশ নেবে, প্রচারণাও চালাবে। কিন্তু নির্বাচনের সময় এজেন্ট দেবে না। তাদের কৌশল নির্বাচনকে বিতর্কিত করা। এ উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। তারপরও পুরানো আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটানো হয়েছে। আগে যারা আগুন সন্ত্রাস চালাতো তারাই আবার আগুন সন্ত্রাস চালাচ্ছে।’
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা তাদের প্রতি আহ্বান জানাই- ইতিবাচক ধারায় ফিরে আসুন, সন্ত্রাসী এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করুন। না হলে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবো। বিএনপি যতদিন অপরাজনীতি ত্যাগ না করবে ততদিন রাজনীতিতে তারা আরও অপ্রাসঙ্গিক হয়ে উঠবে। ভোট গণনা শেষে জণগণ কর্তৃক প্রত্যাখ্যাত হলে বিএনপি নেতারা বলে সরকার কারচুপি করে হারিয়ে দিয়েছে। এটি তাদের পুরনো অভ্যাস।’
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যে কোনও নির্বাচন এলেই বিএনপি হইচই করে মাঠ গরম করে, অথচ ভোটের দিন তাদের আর মাঠে দেখা যায় না।’
গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে ৯টি বাসে আগুন দেয়ার ঘটনায় ‘বিএনপি জড়িত’ দাবি করে তিনি বলেন, ‘নির্বাচনে সাধারণ মানুষ যখন তাদের গণতান্ত্রিক অধিকার ভোটের মাধ্যমে প্রকাশ করেছিল তখন ঢাকা-১৮ আসনের নির্বাচনী এলাকার তিনটি স্থানে ও রাজধানী ঢাকার একাধিক স্থানে আগুন সন্ত্রাস চালানো হয়েছে। পুরনো আগুন সংস্কৃতির পুনরাবৃত্তি এটা, যারা আগে ঘটাতো তারা এবারও ঘটিয়েছে।’
‘নির্বাচনে কোনও কারচুপি হয়নি’ জানিয়ে কাদের বলেন, ‘কোনও মিডিয়া বা কোনও পত্রিকায় বলেনি যে নির্বাচনে কোনও প্রকার জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, অনিয়ম হয়েছে, দখলবাজি হয়েছে। এ ধরনের কোনও বক্তব্য এমনকি আমাদের যারা কঠোর সমালোচক যেসব পত্রপত্রিকায় কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে খবর প্রকাশ হয়েছে। অথচ বিএনপি বলছে, ‘নির্বাচন সুষ্ঠু হয়নি, অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই সরকার এই নির্বাচন কমিশন যতদিন থাকবে ততদিন কোনও নির্বাচন সুষ্ঠু হবে না’। আসলে নির্বাচন সুষ্ঠু হবে তখন যখন বিএনপিকে জেতার গ্যারান্টি দেয়া হবে।’



