বাসে অগ্নিসংযোগ ন্যাক্কারজনক ঘটনা, বিএনপি এমন রাজনীতি করে না: ফখরুল

রাজধানীতে বাস পোড়ানোর ঘটনা সরকারি এজেন্টদের ‘নাশকতা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমি স্পষ্টভাষায় বলতে চাই- বিএনপি এই রাজনীতি করে না। আমরা মনে করি যে, আমাদের অভিজ্ঞতার থেকে বলছি আরকি- সরকারের কিছু এজেন্টস থাকে ‘এজেন্টস স্যাবোটিয়ার্স’- এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা আন্দোলন যেটা শুরু হচ্ছে বা হতে যাচ্ছে বা সেটা একটি ভালো জিনিসের জন্য এগিয়ে যাচ্ছে ওটাকে স্যাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা এই ধরনের ঘটনার তীব্রভাষায় নিন্দা করছি। এই দুস্কৃতিকারী তারা যারাই হোক –এটাও মনে করিয়ে দিতে চাই- এটাও কনগনিজেন্সে নেয়া দরকার।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টন, জাতীয় প্রেসক্লাব, গুলিস্তান, শাহবাগসহ বিভিন্ন স্থানে গণপরিবহনের বাস-মাইক্রোবাসে আগুন লাগানোর ঘটনা ঘটে। এই ঘটনায় রমনা, শাহবাগ, পল্টন মডেল থানাসহ কয়েকটি থানায় মামলাও হয়েছে শুক্রবার।
বিএনপিকে অভিযুক্ত করে মামলা দায়েরের ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘গতকাল যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দূঃখজনক ঘটনা, এটা ন্যাক্কারজনক ঘটনা। আমি তীব্রভাষায় এর নিন্দা করছি। আমরা যারা রাজনীতি করি তারা সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক চিন্তাভা্বনা ও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের দেশনেত্রী দুই বছর ধরে জেলে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দে্শের বাইরে। এরকম একটা কঠিন সময়ে কিন্তু আমাদের ঐক্য অটুট আছে। এখনো দলের মধ্যে কোনো ভাগ হয়নি। আমাদের দল চলে যৌথ নেতৃত্বের মাধ্যমে। আমাদের স্থায়ী কমিটি বৈঠক প্রতি শনিবার হয় যেটা আগে কম হতো। এই মিটিং করে আমরা সিদ্ধান্ত নেই। আমরা মনে করি যে, এই কঠিন সময়ে বিএনপি যে ভুমিকা পালন করছে আমি মনে করি যথেষ্ট সঠিক ভুমিকা পালন করছে।’
‘



