বাসায় গিয়ে টিকাদান: চাকরিচ্যুত স্বাস্থ্যকর্মী

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), বাসায় গিয়ে টিকা দেওয়ার ঘটনায় জড়িত স্বাস্থ্যকর্মী বিষু দে’কে চাকরিচ্যুত করেছে।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে এ তথ্য জানান সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আক্তার।
তিনি বলেন, অভিযুক্ত স্বাস্থ্যকর্মী বিষু দে চুক্তিভিত্তিক চাকরি করতেন। ঘটনার পর তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্তের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।
সেসঙ্গে কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (৭ আগস্ট) বাসায় টিকা নিয়েছেন ফেসবুকে এমন স্ট্যাটাস দেন হাসান নামে একজন। পরে ফেসবুকে ওই ছবিটি ভাইরাল হয়।
এ ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা তপন কুমার চক্রবর্তী বাদি হয়ে ‘সরকারি টিকা আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের অভিযোগে’ চারজনকে আসামি করে খুলশী থানায় মামলা দায়ের করেন। মামলায় হাসান, মোবারক, বিষু এবং সাজ্জাদকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, হাসান ও মোবারক আলী পরস্পরের বন্ধু। মোবারক আলী তার পূর্বপরিচিত বিষুকে বাসায় নিয়ে অবৈধভাবে ভ্যাকসিন দেওয়ার জন্য ঠিক করেন। প্রতি ডোজ ভ্যাকসিন এক হাজার টাকার বিনিময়ে বিষু নগরীর জাকির হোসেন রোডে মোবারক আলীর বাসায় গিয়ে হাসান ও সাজ্জাদকে ভ্যাকসিন দেন।



