বাবুল আক্তারের অভিযোগ বাস্তবসম্মত কি না তদন্তেই জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হেফাজতে নির্যাতন নিয়ে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার যে অভিযোগ করেছেন, সেটি বাস্তবসম্মত কি না, তা তদন্ত হলেই বোঝা যাবে।
শনিবার দুপুরে, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় ধর্মীয় সংখ্যালঘু নারীদের আর্থ-সামাজিক অবস্থান ও নিরাপত্তা: ভিশন ২০৪১’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
হেফাজতে নির্যাতনের অভিযোগে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয়জনের নামে চট্টগ্রামের আদালতে মামলার আবেদন করেছেন আলোচিত সাবেক এসপি বাবুল আক্তার।
এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাবুল আক্তারের বিষয়টা যেহেতু পিবিআইয়ের কাছে তদন্তাধীন, তাই তদন্ত শেষ করার আগে আমি কোনো মন্তব্য করতে চাই না। বাবুল আক্তার যে কথা বলেছেন, সেগুলো বাস্তবসম্মত কি না, সেটা তদন্ত হলেই বোঝা যাবে। পিবিআইয়ের ওপর আমাদের ভরসা রয়েছে।
তিনি আরও বলেন, ‘পিবিআই যতগুলো অনুসন্ধান করেছে, সবগুলোই বাস্তবসম্মত এবং অত্যন্ত সূক্ষ্মভাবে তারা অনুসন্ধান করেছেন। ৩০ বছর আগের খুনের মামলাও তারা আসামি চিহ্নিত করেছেন এবং আসামি গ্রেপ্তার করেছেন। তাই পিবিআই যেটা করবে সেটা ভুল করবে না বলে বিশ্বাস করেন স্বরাষ্ট্রমন্ত্রী।



