নগদ সহায়তায় কর পুনর্বিবেচনার দাবি বিজিএমইএর

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নগদ সহায়তার ওপর আরোপ করা ১০ শতাংশ কর পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
শনিবার (৫ জুন) রাজধানীর উত্তরার বিজিএমইএ কার্যালয়ের ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। এ সময় প্রস্তাব পুনর্বিবেচনার দাবিও জানান ফারুক হাসান।
তিনি বলেন, করোনাকালীন এ সময়ে প্রথমে বাজেটে নগদ সহায়তার ওপর আরোপ করা ১০ শতাংশ কর প্রত্যাহারের অনুরোধটি পুনর্বিবেচনার আবেদন করছি। তবে এবার অর্থমন্ত্রী বেশ কিছু খাতে কর সহজ করেছেন। করোনায় আমাদের বিনিয়োগ, রফতানি ও কর্মসংস্থানে মন্দা বিরাজ করছে। অর্থাৎ গত দেড় বছরে তেমন নতুন কর্মসংস্থান তৈরি হয়নি। এ অবস্থায় এই করটি প্রত্যাহার করলে সরকার খুব বেশি রাজস্ব হারাবে না, বিপরীতে শিল্প উপকৃত হবে। করোনা সংকট মোকাবিলায় রফতানি পণ্যের ওপর আরোপিত দশমিক ৫০ শতাংশ উৎসে কর আগামী পাঁচ বছর বহাল রাখার দাবি জানাচ্ছি। একই সঙ্গে নন-কটন শিল্পখাতে ১০ শতাংশ হারে নগদ সহায়তা বাজেটে পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।
ফারুক হাসান বলেন, আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো- ক্যাশ-ফ্লো ম্যানেজ করা, যেটি করতে না পেরে অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। কর কিছুটা কমলে আমাদের ক্যাশ-ফ্লোতে একটু স্বস্তি আসবে। কারখানা টিকলে কর্মসংস্থান সৃষ্টিতে নতুন গতি আসবে। আর পোশাক শিল্প ঘুরে দাঁড়ালে অর্থনীতির বৃহৎ পরিসরে পণ্য ও সেবার লেনদেন বৃদ্ধি পাবে। যেমন- হোটেল, পর্যটন, ব্যাংক, বীমা, প্রসাধনী ইত্যাদি খাতে ইতিবাচক প্রভাব পড়বে। ফলে সরকারের আয় বাড়বে।
বাজেটে অনেক ইতিবাচক দিক রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.২ শতাংশ এবং মূল্যস্ফীতি ৫.৩ শতাংশ নির্ধারণ করে আগামী ২০২১-২০২২ অর্থবছরের জন্য ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতিতে এরূপ উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে ঘোষিত বাজেট আশাব্যঞ্জক বলে জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।



