বসানো হলো পদ্মাসেতুর ২৮তম স্প্যান

পদ্মাসেতুর ২৮তম স্প্যান বসানো হলো আজ শনিবার। এ স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুটির নির্মাণ কাজ ৪ হাজার ২’শ মিটার দৃশ্যমান হলো।
বাংলাদেশ পদ্মাসেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, শনিবার স্প্যানটি মাওয়ার সীমান্তবর্তী এবং সেতুটির মাঝামাঝি সেতুর ২০ ও ২১ নম্বর পিলারে বসানো হচ্ছে।
তিনি বলেন, সেখানে লিফটিং ফ্রেম (স্প্যানকে ঝুলন্ত রাখার যন্ত্র) সেট করা হয়ে গেছে আগেই। পিলারের উপর সেট করা হয়ে গেছে বেয়ারিং। তিনি জানান, এই স্প্যান বসানোর পর জাজিরার অংশে আর মাত্র দুটি স্প্যান বাকি থাকবে। ২৫, ২৬ ও ২৭ নম্বর পিলারে “৫এ” ও “৫বি” নম্বর স্প্যান বাকি থাকবে। এই অংশটিতে ফেরি চলাচলের চ্যানেল থাকায় বিলম্ব হচ্ছে। সর্বশেষ ২৬ নম্বর পিলারটি সম্পন্ন হওয়ায় এখানেও শিগগিরই স্প্যান বসবে।
আজ ২৮তমটি বসানোর পর বাকি থাকছে মাত্র ১৩টি স্প্যান। সংশোধিত সিডিউল অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যে সব স্প্যান বসে যাওয়ার কথা আছে। তবে দায়িত্বশীলরা বলছেন প্রকৌশলীরা মনে করছেন নির্ধারিত সময়ের আগেই আগস্টের মধ্যে পিলারের ওপর সব স্প্যান বসে যাবে। তবে নির্ধারিত সময়ে দ্বিতল সেতুর ওপরে থাকবে সড়কপথ আর নিচে থাকবে রেলপথ। যা এখন ক্রমেই বিস্তৃত হচ্ছে।



