বাংলাদেশ

প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল আর নেই

বাংলাদেশ নৌ-বাহিনীর প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হক (অব.) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৫ জানুয়ারি) রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বৎসর।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাপ্টেন নুরুল হক (অব.) ১৯৭২ হতে ১৯৭৩ পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে নিকটাত্মীয় স্বজনসহ নৌবাহিনীর সর্বস্তরের সদস্যগণ গভীর শোক প্রকাশ করেন।

আজ বাদ যোহর নৌ সদর দফতর মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের লাশ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বনানীস্থ সামরিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

ক্যাপ্টেন নুরুল হক তার সুদীর্ঘ চাকুরি জীবনে বিভিন্ন জাহাজ ঘাঁটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি তৎকালীন পাকিস্তান নৌ-বাহিনীর যুদ্ধজাহাজে সিনিয়র ইঞ্জিনিয়ার অফিসার, ডেস্ট্রয়ার জাহাজে ইঞ্জিনিয়ার অফিসার, ঘাঁটির ইঞ্জিনিয়ার অফিসার এবং ট্রেনিং স্কুলে স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এবং পরবর্তীতে বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের কেবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭২ সালে তৎকালীন পাকিস্তান থেকে হতে প্রত্যাবর্তন করে বাংলাদেশের প্রথম নৌ-বাহিনী প্রধান হিসেবে ১৯৭২ সালের ৭ এপ্রিল থেকে ৬ নভেম্বর ১৯৭৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button