পুতিনের মুখপাত্র করোনায় আক্রান্ত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) দিমিত্রি ও তার স্ত্রীর করোনা শনাক্ত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ও সংস্কৃতিমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ান।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রাশিয়ায়। রাশিয়ায় আক্রান্ত ২ লাখ ৩২ হাজার ২৪৩, সুস্থ হয়েছে ৪৩ হাজার ৫১২, মারা গেছে ২ হাজার ১১৬ জন। তবে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সেখানে মৃত্যু কম।
কয়েকদিন আগেই দিমিত্রি পেসকভের কিছু উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার রিপোর্ট পজিটিভ পাওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি হন দিমিত্রি। দিমিত্রি পেসকভ নিজেই জানিয়েছেন, ‘আমি অসুস্থ। আমি চিকিৎসাধীন রয়েছি’। তিনি দীর্ঘ দিন ধরে ভ্লাদিমির পুতিনের সেক্রেটারি হিসেবে কাজ করছেন।
তবে দিমিত্রি আক্রান্ত হলেও তার মাধ্যমে পুতিনের সংক্রমণের আশঙ্কা নেই বলে তিনি জানিয়েছেন। রুশ সংবাদ সংস্থা তাসকে পেসকভ বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার শেষ সাক্ষাৎ হয়েছিল দীর্ঘ এক মাসের বেশি সময় আগে।’



