৪১ বিলিয়ন ডলার ছাড়ালো রিজার্ভ

এবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো ৪১ বিলিয়ন ডলার।
গতকাল দিন শেষে দেশের রিজার্ভ নতুন রেকর্ড হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
করোনা ভাইরাস মহামারীর মাঝেও বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে ছিল ৪১ দশমিক ২০ বিলিয়ন ডলার, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।
৭ সেপ্টেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই-অগাস্ট মাসের ১ বিলিয়ন ডলারের মত আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।
২০ সেপ্টেম্বর তা আবার ৩৯ বিলিয়ন ডলারের উপরে ওঠে। ৮ অক্টোবর তা আরও বেড়ে ৪০ বিলিয়ন ডলার অতিক্রম করে। তিন সপ্তাহের ব্যবধানে তা ৪১ বিলিয়ন ডলার ছাড়াল।
বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ-এই নয়টি দেশ বর্তমানে আকুর সদস্য। এই দেশগুলো থেকে বাংলাদেশ যে সব পণ্য আমদানি করে তার বিল দুই মাস পর পর আকুর মাধ্যমে পরিশোধ করতে হয়।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আকুর সেপ্টেম্বর-অক্টোবর মাসের বিল পরিশোধ করতে হবে। তার আগ পর্যন্ত রিজার্ভ ৪১ বিলিয়ন ডলারের উপরেই থাকবে।



