
➤ প্রকৃতির নিয়ম মেনে শনিবার (০৯ মে) ভোরেও পূবের আকাশে সূর্য উঠেছিল। পাখিরা ডাকছিল আপন মনে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামটিও আড়মোড়া ভেঙে জেগে উঠছিল আর দশটা সাধারণ দিনের মতোই। কিন্তু কে জানত, এই ভোরের আলো আজ কোনো স্নিগ্ধতা নয়, বরং উন্মোচন করবে এক চরম নারকীয় আর হৃদয়বিদারক দৃশ্য!
ফোরকান মিয়ার বাড়ির দরজা পেরোতেই থমকে যেতে হয়। ঘরের মেঝেতে ছোপ ছোপ তাজা রক্ত, যেন মৃত্যুর এক ভয়ংকর আলপনা। সেই রক্তস্নাত মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে পাঁচটি নিথর দেহ। যে তিনটি ফুটফুটে শিশুর শনিবার (০৯ মে) সকালে মায়ের আদরে ঘুম ভাঙার কথা ছিল, আধো আধো বোলে পুরো বাড়ি মাতিয়ে রাখার কথা ছিল— তারা চিরঘুমে শায়িত।
তাদের নিষ্পাপ মুখগুলোতে জমে আছে চরম আতঙ্কের ছাপ। পাশেই পড়ে আছে তাদের জন্মদাত্রী স্নেহময়ী মা এবং মামার (শ্যালক) প্রাণহীন দেহ। সবারই গলা নির্মমভাবে কাটা। কী এক পৈশাচিক আক্রোশে রাতের আঁধারে কেড়ে নেওয়া হয়েছে এই পাঁচটি নিরীহ প্রাণ!
➤➤ গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথেও গুলি!
খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন আশপাশের মানুষ। যে উঠোনে গতকালও জীবনের স্পন্দন ছিল, আজ সেখানে শুধুই লাশের সারি। পাড়া-প্রতিবেশীদের চোখে জল, মুখে কোনো কথা নেই। স্তব্ধ হয়ে গেছে পুরো গ্রাম। বাতাসে কেবল বারুদের মতো ভাসছে মৃত্যুর গন্ধ আর স্বজনদের গগনবিদারী আহাজারি।

তবে সবচেয়ে ভয়ংকর এবং অকল্পনীয় সত্যটি যেন মানুষের বিবেককে চাবুক মেরে জাগিয়ে দিয়েছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান যখন ঘটনাস্থলে এসে এই নারকীয় খবরের সত্যতা নিশ্চিত করলেন, তখন উপস্থিত সবার পায়ের তলার মাটি যেন সরে গেল। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— এই পৈশাচিক হত্যাকাণ্ডের পেছনের মূল হোতা খোদ গৃহকর্তা ফোরকান মিয়া!
➤➤ ঢাকার ‘আন্ডারওয়ার্ল্ড’ নিয়ন্ত্রণে সক্রিয় হচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা
যে বাবার বুকটা হওয়ার কথা ছিল সন্তানদের সবচেয়ে নিরাপদ আশ্রয়, যে স্বামীর হাতটি হওয়ার কথা ছিল স্ত্রীর সবচেয়ে বড় ভরসা— সেই মানুষটিই কীভাবে পারলেন এমন অমানুষ হতে? নিজের নাড়িছেঁড়া তিন সন্তান, জীবনসঙ্গিনী আর শ্যালককে নিজের হাতেই গলা কেটে হত্যার এই অভিযোগ যেন মানবতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। ঘটনার পর থেকেই ফোরকান মিয়া পলাতক।
ঘরের এক কোণে হয়তো এখনো পড়ে আছে বড় সন্তানটির প্রিয় কোনো খেলনা, বারান্দায় হয়তো এখনো শুকোচ্ছে ছোট শিশুটির জামা। রান্নাঘরে হয়তো মায়ের গুছিয়ে রাখা হাঁড়ি-পাতিলগুলো অপেক্ষায় আছে নতুন কোনো বেলার। কিন্তু এই সংসার আর কোনোদিন হাসবে না। আপনজনের এমন ভয়ংকর বিশ্বাসঘাতকতা আর এমন মর্মান্তিক পরিণতি যেন কেউ মেনেই নিতে পারছে না।
➤➤ দেশে এসে পরিবারের প্রতারণায় নিঃস্ব হচ্ছেন প্রবাসীরা
ফোরকান মিয়া লোকচক্ষুর আড়ালে পালিয়েছেন ঠিকই, কিন্তু তিনি কি পারবেন তার বিবেকের দংশন থেকে পালাতে? কাপাসিয়ার রাউৎকোনা গ্রামের এই বাড়িটি এখন শুধু একটি অপরাধযজ্ঞের স্থান নয়, এটি এক চরম বিশ্বাসভঙ্গ আর বেদনার স্মৃতিস্তম্ভ হয়ে দাঁড়িয়ে রইল। কালের পরিক্রমায় হয়তো রক্তের দাগ একদিন শুকিয়ে যাবে, কিন্তু গ্রামবাসীদের চোখের জল আর তিনটি নিষ্পাপ কুঁড়ি ঝরে যাওয়ার এই শোক কোনোদিন মুছবে না। সূত্র: নবোদয়



