বাংলাদেশ

নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ঢাকায়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের পাঁচ সদস্য ঢাকায় এসে পৌঁছেছে। গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) এ পাঁচ সদস্য ছয়-আট সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন।
স্থানীয় সময় শনিবার (২৩ ডিসেম্বর) সংস্থা দুটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
আইআরআই ও এনডিআই জানায়, যৌথ প্রতিনিধি দল গত সপ্তাহে বাংলাদেশে এসেছে। প্রতিনিধি দলের পাঁচজন বিশ্লেষক রয়েছেন। যারা বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে অনুমোদন পেয়েছেন এবং ছয় থেকে আট সপ্তাহ বাংলাদেশে থাকবেন। তারা বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন। এর মধ্যে রয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সহিংসতা, আন্তদলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকি।
এসব সহিংসতা মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা দেখবে প্রতিনিধিদ ল। এ ছাড়া প্রতিনিধিদল নির্বাচনী প্রক্রিয়া শেষে পরবর্তী নির্বাচনে সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশসহ নির্বাচনী সহিংসতার ওপর একটি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করবে।
প্রাক–নির্বাচন পরিস্থিতি মূল্যায়নের লক্ষ্যে গত ৮-১১ অক্টোবর বাংলাদেশে এনডিআই ও আইআরআইয়ের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছিল। ওই মিশনের সুপারিশ এবং ২০০৫ সালে জাতিসংঘে অনুমোদিত ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার নির্বাচন পর্যবেক্ষণের জন্য এনডিআই ও আইআরআইয়ের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি বাংলাদেশে কাজ করবে। অগ্রবর্তী প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে এনডিআইয়ের তিনজন এবং আইআরআইয়ের দুজন সদস্য রয়েছেন।
১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন তারা। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) জানায়, সারাদেশে ২৭ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৮৯৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button