নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যারা নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (১৪ নভেম্বর) ধানমন্ডির বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বলেন, ঢাকা-১৮ উপ-নির্বাচনকে কেন্দ্র করে কিছু কথোপকথন পাওয়া গেছে। এতে শোনা যায়, ফলাফল মেনে নিতে পারেনি বলেই বিএনপি এমনটি করেছে। যেখানেই তারা পরাজিত হয়েছে সেখানেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। যারা নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করেছে। তাদের গ্রেফতারে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশংসনীয়।
এদিকে, রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় এই পর্যন্ত ১৪টি মামলা ও ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে ২৮ জনকে।



