বাংলাদেশ

দুস্থদের সহায়তায় এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

সমাজের দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে সবাই সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘মুজিববর্ষে গৃহহীন মানুষকে সরকারের সচিবগণের গৃহ উপহার’ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান ।

সরকারের ৮০ জন সিনিয়র সচিব/সচিব নিজ নিজ এলাকায় নিজস্ব অর্থায়নে ১৬০টি গৃহহীন, ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করেন। এ অনুষ্ঠান থেকে সচিবদের নির্মিত ঘরের চাবি দুস্থ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  বিত্তশালীরা এভাবে তার নিজ নিজ এলাকায় প্রত্যেকেই যদি অন্তত কিছু দুস্থ পরিবারের দিকে ফিরে তাকায়; ঘর নাই তো ঘর করে দিল, তাদের কিছু কাজের ব্যবস্থা করে দিল, তাদের সহযোগিতা করলো।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকের কাছে আমার এটা অনুরোধ থাকবে, আপনারা যার যার নিজ নিজ স্কুলে যেখানে পড়াশোনা করেছেন সেই স্কুলগুলোর উন্নয়নের জন্য কাজ করেন। আপনি যে গ্রামে জন্মগ্রহণ করেছেন সেই গ্রামে যে কয়টা মানুষকে পারেন সহযোগিতা করেন। সবাই মিলে সম্মিলিত কাজ করলে এ দেশে দারিদ্র্য থাকবে না।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বলেছেন, আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। এই হচ্ছে আমার স্বপ্ন।

 

Related Articles

Leave a Reply

Back to top button