বাংলাদেশবিশ্ব

সৌদি আরব আকামার মেয়াদ বাড়িয়েছে ২৪ দিন

বাংলাদেশ সরকারের অনুরোধে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। ২২ সেপ্টেম্বর থেকে এর মেয়াদ আরও ২৪ দিন বাড়ানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার নিজ ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, সৌদি আরবে চারদিন বর্ধিত ছুটি ছিল। আজকেই খুলেছে। সৌদি আরবের যারা খোঁজ রাখেন তাদের এটা জানা উচিত (কোনো ‘ছাত্র অধিকার আন্দোলন’ এটা জানার কথা নয়)।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লেখেন, সৌদি সরকার আমাদের অনুরোধের প্রেক্ষিতে নিচের সিদ্ধান্তগুলো নিয়েছে:

* আকামার মেয়াদ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত (মানে আজ থেকে আরও ২৪ দিন) বর্ধিত করা হয়েছে।

* বাংলাদেশ বিমানকে রিয়াদ এবং জেদ্দায় সপ্তাহে মোট চারটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।

*ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের ভিসা অফিস রোববার থেকে খোলা থাকবে। যেখানে কোভিড-১৯ সংক্রান্ত নতুন নিয়মাবলি মেনে কনসুলার সেবা প্রদান করা হবে।

উল্লেখ্য, সৌদি এয়ারলাইন্সের ১৫ সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি এবং ২৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু করার কথা ছিল। কিন্তু সেই ফ্লাইট চালু হচ্ছে না। এতে ২২ ও ২৩ সেপ্টেম্বর (মঙ্গল ও বুধবার) রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা।

Related Articles

Leave a Reply

Back to top button