দুই লাখ টাকার বেশি শুল্ক কর ‘ই-পেমেন্টে’ পরিশোধ করা বাধ্যতামূলক

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, দুই লাখ টাকার বেশি শুল্ক কর ‘ই-পেমেন্টের’ মাধ্যমে পরিশোধ করা বাধ্যতামূলক করেছে।
রবিবার (৭ মার্চ) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১ জুলাই থেকে আমদানি-রফতানির পণ্য চালানের বিপরীতে দুই লাখ টাকার বেশি শুল্ক কর ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে। এছাড়া ২০২২ সালের ১ জানুয়ারি থেকে যেকোনও পরিমাণের শুল্ক কর ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ করা বাধ্যতামূলক।
এনবিআর সূত্রে জানা যায়, প্রথম অবস্থায় ২০২১ সালের ১ এপ্রিল থেকে আইসিডি কমলাপুর কাস্টম হাউসে শুল্ককর পরিশোধে ই-পেমেন্ট বাধ্যতামূলক করা হচ্ছে।
পুরোপুরি ই-পেমেন্ট পদ্ধতি চালু হলে দ্রুত সময়ে রাজস্ব পরিশোধ, রাজস্ব ফাঁকি রোধ, সিজিএ (মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক) অফিসের সঙ্গে হিসাবের গরমিল কমে আসবে। কাস্টমস আধুনিকায়নের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে।



