বাংলাদেশ

রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশ বাধ্য নয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিতে বাংলাদেশ বাধ্য নয় ।

তিনি বলেছেন, রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক না। তাদের দায়িত্ব গ্রহণে আমাদের কোনও দায়বদ্ধতা নেই।

মঙ্গলবার (৯ জুন) এক ভার্চুয়াল কনফারেন্সে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্টের পদ নেয়া উপলক্ষে এ কনফারেন্সের আয়োজন করা হয়।

সম্প্রতি মালয়েশিয়ার একজন মন্ত্রী সেদেশে আটকা পড়া রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য বাংলাদেশকে অনুরোধ করেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছু উত্তেজিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আমাদের ফরমায়েশ করে তারা এদের নিয়ে যাক। এখানে যারা আছে আমরা আমাদের সাধ্যমতো তাদের ভালো জীবন নিশ্চিতের চেষ্টা করে যাচ্ছি। এর বেশি কিছু করার সাধ্য আমাদের নেই। যারা এসব নিয়ে বেশি করা বলে তারা এসে দায়িত্ব নিক।

এসময় কুয়েতে লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলকে আটকের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, আমরা এখনও সরকারিভাবে কোনও তথ্য পাইনি। কোনও তথ্য পেলে তখন আমরা জানাবো।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট পদ নেয়ার বিষয়ে ড. মোমেন বলেন, মার্শাল আইল্যান্ডের কাছ থেকে আগামী তিন বছরের জন্য আমরা প্রেসিডেন্সি নিয়েছি। জলবায়ু পরিবর্তনে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখিন তাদের বিষয়ে এখন থেকে জোরালো ভাষায় কথা বলবে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button