মেরিন অ্যাকুরিয়াম তৈরি করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কক্সবাজারে আধুনিক মেরিন অ্যাকুরিয়াম তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভাশেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। নিজের সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় অংশ নেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন হবে ২০২৪ সালের জুনের মধ্যে। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৪৪৪ কোটি টাকা। প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী কক্সবাজারে একটি ফিশ অ্যাকুরিয়াম তৈরি করতে বলেছেন।’
পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠকে ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
তিনি আরও জানান, সভায় এক হাজার ৯০৫ কোটি টাকা ব্যয়ে সরকারি ওষুধ কেম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানির মানিকগঞ্জ প্ল্যান্ট স্থাপনের অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া পর্যটকদের জন্য কক্সবাজারে একটি মেরিন অ্যাকুরিয়াম নির্মাণের কথাও বলেন প্রধানমন্ত্রী।



