ডিসেম্বরের মধ্যে সাত কোটি মানুষকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সাত কোটি মানুষকে করোনাভাইরাসের টিকার আওতায় আনা হবে।
শনিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গ্রামেগঞ্জে করোনা আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় আমরা গ্রামেগঞ্জে বেশি টিকা দেওয়ার পরিকল্পনা করেছি। কারণ গ্রামের লোকেরা টিকা কম পেয়েছে। পঞ্চাশোর্ধ্ব লোকের বেশি মৃত্যু হয়েছে। আমরা তাদেরকে টিকা আগে দেবো।’
এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘আগে মুরব্বিদেরকে টিকা দিতে হবে। তাদেরকে সুরক্ষিত করতে হবে। তারপর আমরা পর্যায়ক্রমে সবাই টিকা পাবো। ইতোমধ্যে আমরা পৌনে দুই কোটি টিকা দিতে সক্ষম হয়েছি।’
পর্যায়ক্রমে দেশের ১৭ কোটি মানুষকে এই করোনার টিকার আওতায় আনা হবে বলেও জানান তিনি।
জাহিদ মালেক বলেন, ‘আমরা যতই টিকা নেই না কেন, মাস্ক পরতেই হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা পরীক্ষার জন্য একটি ল্যাব দিয়ে যাত্রা শুরু করে দেশে এখন ৭৫০টি ল্যাব স্থাপন করা হয়েছে। এছাড়া দেশে এখন ১১০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।



