Leadবাংলাদেশ

ডিসি সম্মেলন শুরু, উঠছে জনগুরুত্বপূর্ণ ৪৯৮ প্রস্তাব

★ বিভাগ অনুযায়ী সবচেয়ে বেশি ৪৪টি প্রস্তাব এসেছে স্বাস্থ্যসেবা সংক্রান্ত।

➤ শুরু হলো চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে রোববার (০৩ মে) এই গুরুত্বপূর্ণ সম্মেলন শেষ হবে আগামী বুধবার (৬ মে)।

এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে মোট ৪৯৮টি প্রস্তাব উত্থাপন করা হচ্ছে।

শনিবার (০২ মে) সচিবালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. হুমায়ুন কবির এসব তথ্য জানান। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

হুমায়ুন কবির জানান, এবারের সম্মেলনের জন্য আটজন বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিদের কাছ থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পেয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

➤➤ সংবিধান নিয়ে মুখোমুখি: কোন পথে দেশের রাজনীতি?

প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিবেচনা করে এর মধ্যে থেকে ৪৯৮টি প্রস্তাব মূল কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাপ্ত প্রস্তাবগুলোতে জনসেবা ও স্বাস্থ্যসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ কমানো, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটনের বিকাশ, আইন-কানুন বা বিধিমালা সংশোধন এবং জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। বিভাগ অনুযায়ী সবচেয়ে বেশি ৪৪টি প্রস্তাব এসেছে স্বাস্থ্যসেবা সংক্রান্ত।

অতিরিক্ত সচিব আরও জানান, প্রথম দিন রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের একটি বিশেষ দিক হলো এর সময়সীমা। গত বছরের সম্মেলন তিন দিনব্যাপী হলেও এবার তা বাড়িয়ে চার দিন করা হয়েছে।

সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করবেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গেও তাদের বিশেষ কার্য-অধিবেশন রয়েছে।

এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন থাকছে, যার মধ্যে ৩০টিই হচ্ছে কার্য-অধিবেশন। এ ছাড়া একটি উদ্বোধনী অনুষ্ঠান, রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনার সুযোগ রয়েছে। এবারের সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ দুটি কমিশন এবং ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ অংশগ্রহণ করছে।

➤➤ সংরক্ষিত নারী এমপিদের শপথ রোববার

সরকারের নীতি-নির্ধারক ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করা হয়।

২০২৫ সালের ডিসি সম্মেলনে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, গত বছর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মিলে মোট ৪০০টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার মধ্যে সামগ্রিক বাস্তবায়নের হার ৪৪ শতাংশ।

এবারের সম্মেলনে প্রধান প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও ই-গভর্ন্যান্স, শিক্ষার মানোন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করার পর এটিই তাদের প্রথম ডিসি সম্মেলন। কার্য-অধিবেশনগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, সিনিয়র সচিব ও সচিবসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত থাকবেন।

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌০৩ মে ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button