Leadবাংলাদেশ

ভার্চুয়াল কর্মসূচি থেকে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা আ. লীগের

◉ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী

➤➤ ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর আইনি নিষেধাজ্ঞার মুখে পড়ে আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতাদের বেশিরভাগই এখন বিদেশে পলাতক, কেউ কেউ আছেন কারাগারে, আর বাকিদের ওপর রয়েছে প্রশাসনের কঠোর নজরদারি।

এমন কোণঠাসা অবস্থায় গত দেড় বছরেরও বেশি সময় ধরে দলটির রাজনীতি মূলত ফেসবুক পোস্ট, এক্সের (টুইটার) বিবৃতি, জুম মিটিং আর অলিগলিতে কয়েক সেকেন্ডের ‘ঝটিকা মিছিলের’ মাধ্যমে স্মার্টফোনের স্ক্রিনেই সীমাবদ্ধ ছিল। তবে শুধু ‘ডিজিটাল উপস্থিতি’ দিয়ে জনবিচ্ছিন্নতা কাটানো সম্ভব নয়—এই বাস্তবতা অনুধাবন করে এবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মাঠের রাজনীতিতে ফেরার একটি মনস্তাত্ত্বিক ও সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতাকর্মীরা।

রাজপথে ফেরার ছক
মাঠের রাজনীতি থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকায় সাধারণ মানুষের সঙ্গে তৈরি হওয়া দূরত্ব ঘুচাতে কৌশলগত কিছু পরিবর্তন আনছেন দলটির নীতিনির্ধারকরা। ভোররাতের গোপন ‘ঝটিকা মিছিলের’ সংস্কৃতি থেকে বের হয়ে এবার দিনের আলোতে, জনবহুল স্থানে তুলনামূলক বড় জমায়েত করার পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এর মহড়াও হয়েছে।

সরাসরি বড় কোনো সংঘাতপূর্ণ কর্মসূচিতে না গিয়ে, প্রাথমিক ধাপে সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মাঠে নামার ছক আঁকা হচ্ছে। বড় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকায় এলাকাভিত্তিক ছোট ছোট ‘পকেট মিটিং’ বা চা-চক্রের মাধ্যমে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা চলছে।

◉ ‘একলা চলো’ নীতিতে জামায়াত-এনসিপি জোট

মাঠপর্যায়ের কর্মীরা ঝুঁকি নিয়ে রাস্তায় নামলেও কেন্দ্রীয় নেতারা থাকছেন ভার্চুয়াল জগতেই। যেমন—দলীয়প্রধান শেখ হাসিনা এবার ভার্চুয়ালি অংশ নেবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায়। তবে প্রয়োজনে জেল-জুলুম খাটার স্পষ্ট নির্দেশনা রয়েছে তাঁর পক্ষ থেকে।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান
আওয়ামী লীগের এই মাঠে ফেরার প্রচ্ছন্ন পরিকল্পনা সরকারের নিরাপত্তা সংস্থাগুলোর নজর এড়ায়নি। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠপর্যায়ে গোয়েন্দা নজরদারি দ্বিগুণ করেছে। র‌্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশৃঙ্খলা করলে আওয়ামী লীগের কর্মীরা নিজেরাই ঝুঁকিতে পড়বেন।

ইতিমধ্যে বিভিন্ন স্থানের ঝটিকা মিছিল থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে। একই সাথে রাষ্ট্রবিরোধী বা উসকানিমূলক কনটেন্ট ছড়ানো রোধে সাইবার ক্রাইম ইউনিটগুলো ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে।

বিশ্লেষকদের দৃষ্টিতে চ্যালেঞ্জ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, ভার্চুয়াল দুনিয়ার নিরাপদ দেয়াল পেরিয়ে রাজপথের তপ্ত ও ঝুঁকিপূর্ণ বাস্তবতায় পা রাখা আওয়ামী লীগের জন্য মোটেও সহজ হবে না। দলটির সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ।

১. আইনি নিষেধাজ্ঞা ও গ্রেপ্তারের ভয় কাটিয়ে ওঠা।

২. দীর্ঘদিনের ক্ষমতার দাপট হারিয়ে ফেলা সাধারণ কর্মীদের মনোবল ফিরিয়ে আনা।

◉ কে হচ্ছেন মির্জা ফখরুলের উত্তরসূরি

তাঁর মতে, শুধু ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মীদের সাময়িকভাবে চাঙ্গা রাখা গেলেও তা দিয়ে জনমত গঠন সম্ভব নয়। মাঠপর্যায়ের নেতাকর্মীদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলতে হলে সিনিয়র নেতাদের সবার আগে এগিয়ে আসতে হবে এবং মামলাগুলো আইনিভাবে মোকাবিলা করতে হবে। নেতারা নিজেরা জেলে যাওয়ার ঝুঁকি না নিলে, শুধু কর্মীরা জীবন বাজি রেখে রাজপথে নামবেন না।

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌২২ জুন ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button