বাংলাদেশ
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই শেষ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ১০ দিন আগের টিকেট যাত্রীরা অনলাইনে কিনতে পারবেন। সেই হিসেব মতে, আগামী ১৭ এপ্রিলের টিকিট দেওয়া হচ্ছে শুক্রবার (৭ এপ্রিল)। তবে বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে পশ্চিমাঞ্চলের ১৭ তারিখের টিকিট।
রেলের ঢাকা বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম শিশির জানিয়েছেন, এরই মধ্যে সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে পশ্চিমাঞ্চলের। পূর্বাঞ্চলের কিছু টিকিট বিক্রি এখনো বাকি। প্রতিদিন বিক্রি করা হবে ২৫ হাজার ৭৭৮টি টিকিট। অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় রেলস্টেশনে যাত্রীদের কোনো ভিড় নেই।
রেলের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডটকম প্রতি মিনিটে বিক্রি করতে সক্ষম ৮ হাজার টিকিট। একসঙ্গে ১০ লাখ লোক তাদের সাইটে প্রবেশ করতে পারবে।
এদিকে, ৮ এপ্রিল বিক্রি করা হবে ১৮ এপ্রিলের টিকিট, ৯ এপ্রিল বিক্রি করা হবে ১৯ এপ্রিলের টিকিট, ১০ এপ্রিল বিক্রি করা হবে ২০ এপ্রিলের টিকিট এবং ১১ এপ্রিল বিক্রি করা হবে ২১ এপ্রিলের টিকিট।
একইভাবে ঈদ ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। প্রথম দিন (১৫ এপ্রিল) বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট, ১৬ এপ্রিল বিক্রি করা হবে ২৬ এপ্রিলের টিকিট, ১৭ এপ্রিল বিক্রি করা হবে ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল বিক্রি করা হবে ২৮ এপ্রিলের টিকিট, ১৯ এপ্রিল বিক্রি করা হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি করা হবে ৩০ এপ্রিলের টিকিট।



