জাতীয় কন্যাশিশু দিবস আজ

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় কন্যাশিশু দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য-‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’। লিঙ্গ বৈষম্য দূর করতে প্রতিবারের মতো এবারও দিবসটি পালন করবে বাংলাদেশ।
দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আগামী ৪ অক্টোবর (মঙ্গলবার) বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।
জানা গেছে, প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এ শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর দিনটিকে পালন করা হয় জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে।
প্রসঙ্গত, পৃথিবীজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এ দিবসটি পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে। তবে বিভিন্ন দেশ বিভিন্ন দিনে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশে এবার দিবসটি পালন করা হচ্ছে ৩০ সেপ্টেম্বর।
মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে এ দিবসের সূচনা হয়।
উল্লেখ্য, কানাডা প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালনের প্রস্তাব দেয়। পরে ২০১১ সালের ১৯ ডিসেম্বর তারিখে জাতিসংঘের সাধারণ সভায় এ প্রস্তাব গৃহীত হয়। এরই পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়।



