ছাত্রলীগ নেতা বিজয় হত্যা, প্রধান আসামি জিহাদ গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার প্রধান আসামি শিহাব আহমেদ জিহাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ভোর রাতে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে জিহাদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। জিহাদ জেলা ছাত্রলীগের বহিস্কৃত ১ নং সাংগঠনিক সম্পাদক। সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধান গড়া মহল্লার শামীম আহম্মেদের ছেলে।
উল্লেখ্য, গত ২৬ জুন জেলা ছাত্রলীগ আয়োজিত প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগদানের পথে জেলা শহরের বাজার ষ্টেশন এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ সরকারি হাজী কোরপ আলী ডিগ্রী কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়কে কুপিয়ে মারাত্বক জখম করা হয়। হাসপাতালে মত্যুর সাথে পাঞ্জা লড়ে লড়ে অবশেষে ৯দিন পর অকালে মৃত্যুবরণ করেন বিজয়।



