‘গুলাবের’ আঘাতে বাড়তে পারে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গুলাবের’ প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে দু’নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
‘গুলাব’ ইতোমধ্যে ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছে। রোববার মধ্যরাতে ঘূর্ণিঝড় ‘গুলাব’ আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ- দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।
এটি রোববার দুপুরে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ প্রদেশ- দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।



