গার্ড অব অনারে নারী থাকায় আপত্তি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, বীর মু্ক্তিযোদ্ধাদের মৃত্যুর পর দেয়া গার্ড অব অনারে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিত থাকা নিয়ে সংসদীয় কমিটি আপত্তি তোলায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন।
সেসঙ্গে, এ আদেশ যেন বাস্তবায়ন না হয় সেজন্য সংসদে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন তিনি।
মঙ্গলবার (১৫ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সাংসদ শিরীন আখতার এ দাবি করেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় শিরীন আখতার বলেন, ‘ধর্মীয় অনুভূতির কথা বলে বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর যে সম্মান প্রদর্শন করা হয়, তাতে যেন নারী ইউএনও উপস্থিত না থাকেন সংসদীয় কমিটির পক্ষ থেকে সেই সুপারিশ করা হয়েছে।
বলেন, আমি বিস্মিত, হতবাক ও ব্যথিত যে আমার সহকর্মীরা, এই সংসদের মাননীয় সংসদ সদস্যরা এমনটি উত্থাপন করতে পেরেছেন।
এ সময় তিনি সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদের কথা তুলে ধরে বলেন, নারী-পুরুষে কোনো বৈষম্য করা যাবে না। সেই দেশে যখন এই ঘটনা ঘটে তখন আমরা স্তব্ধ হয়ে যাই। জানাজার সঙ্গে সম্মান প্রদর্শনের কোনো সম্পর্ক নেই।



