একদিনে আরও ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩,১৮৭

দেশে একদিনে করোনা ভাইরাসে আরও ৩ হাজার ১৮৭ জন শনাক্ত হয়েছে। ফলে দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগী ৭৮ হাজার ৫২ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩৭ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৯ জন। আর একদিনে সুস্থ হয়েছেন ৮৪৮ জন। ফলে মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ১৬ হাজার ৭৪৭ জন।
বৃহস্পতিবার (১১ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ১১৪টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৭৭২টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৩৩২টি নমুনা।
তিনি বলেন, মৃত্যুবরণকারী ৩৭ জনের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ৭ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৮ জন এবং বাসায় মারা গেছেন ৯ জন।



