স্পোর্টেইনমেন্ট

ক্রিকেটার আল-আমিনের জামিন মঞ্জুর

স্ত্রী ইসরাত জাহানের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেন জামিন পেয়েছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় আগামী ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন আল আমিন।
চলতি মাসের শুরুতে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করায় মামলা দায়ের হয় জাতীয় দলের এই পেসারের নামে। যে মামলা থেকে অগ্রীম জামিনও পেয়েছেন আল আমিন।

এতে জামিন পাওয়ার একদিন পরেই ৭ সেপ্টেম্বর নতুন মামলা দায়ের করা হয় এই ক্রিকেটারের বিরুদ্ধে। স্ত্রী ইসরাত জাহান পারিবারিক সহিংসতার অভিযোগ তুলে আরেকটি মামলা দায়ের করেন। যেখানে প্রতি মাসে ১০ লাখ টাকা ভরণপোষণ দাবি করেন তিনি।

২০১০ সালের পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

মামলায় এই ক্রিকেটারের স্ত্রী ইসরাত অভিযোগে জানিয়েছেন, গত কয়েক বছর ধরে তার স্বামী ২ সন্তানের লেখাপড়ার খরচসহ তাকে ভরণপোষণ দেননি। এ ছাড়াও গত ৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আল আমিনের মা তাকে টেলিফোন করে বলেন, তার ছেলে দাম্পত্য জীবন চালিয়ে যাবে না এবং ২ সন্তানের শিক্ষার খরচসহ তার ভরণপোষণ দেবে। তবে, এরপর তাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button