
➤➤ দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিনটি ইউনিয়ন গঠন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিরোধী দল জাতীয় সংসদে এ নিয়ে প্রশ্ন উত্থাপন করলে, এ ঘটনাকে ‘মিরাকেল’ বলে দায় এড়িয়েছেন প্রতিমন্ত্রী।
তবে তার এ কর্মকাণ্ডে দেশজুড়ে তৈরি হয়েছে সমালোচনা। আর এতে বিব্রতকর অবস্থায় পড়েছে সরকার। যেখানে প্রধানমন্ত্রী নিজে তার পিতা-মাতার নামে কোনো প্রতিষ্ঠানের নামকরণকে নিরুৎসাহিত করছেন, সেখানে প্রতিমন্ত্রীর এ কর্মকাণ্ড বিতর্কের জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মীর শাহে আলমের এ কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তিতে ক্ষতিগ্রস্ত করেছে। নিজ নির্বাচনি এলাকার তিন ইউনিয়নের নামকরণের ক্ষেত্রে তাকে অবশ্যই অনুরাগের ঊর্ধ্বে উঠে আসা প্রয়োজন ছিল। তিনি বিষয়টাকে যতোই মিরাকল বলে উড়িয়ে দেন না কেন, জনমনে এর বিরূপ প্রভাব পড়েছে। মানুষ বিষয়টিকে ভালোভাবে নেয়নি। এর হয়তো তাৎক্ষণিত প্রভাব পড়বে না। এর প্রভাব হবে সুদূর প্রসারী। যা সরকার ও বিএনপির জন্য ভালো উদাহরণ হয়নি।
এ ঘটনা ছাড়াও চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে আলোচনার জন্ম দেন তিনি। এ ছাড়া নিজেকে প্রধানমন্ত্রীর বন্ধুর পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এই গেজেট গত রোববার প্রকাশিত হলে নতুন তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
◉ সীমান্তঘেঁষে মানবেতর জীবন, পরিচয়-সংকটে কাঁদছে মানবতা
শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘মীরবাড়ী ইউনিয়ন’। অন্যদিকে নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন তিনটি ইউনিয়নে নামকরণ করা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।
অভিযোগ উঠেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম তার পৈতৃক বাসভবন ‘মীরবাড়ী’র নামে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করেছেন। অন্যদিকে তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামানুসারে মোকামতলা উপজেলার দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।
বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন সোমবার (১৫ জুন) ফেসবুকে দেওয়া পোস্টে প্রতিমন্ত্রীকে ‘বগুড়ার নতুন জমিদার’ বলে মন্তব্য করেন। মনিরা শারমিন তার পোস্টে লেখেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়ার নতুন জমিদার। ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে বংশীয় ও সন্তানদের নামে নামকরণ করছেন। নতুন ইউনিয়নের নাম মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত। আহ্! ক্ষমতা!’

জানা গেছে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি উপজেলার সাবেক আটমুল ইউনিয়নের বেতগাড়ী গ্রামে। প্রতিমন্ত্রী মীর বংশের সন্তান। বংশের নামানুসারে তার পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ী’। নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে এই ‘মীরবাড়ী’র নামে।
অন্যদিকে নবগঠিত মোকামতলা ইউনিয়নের মানকৈর, ভবানীপুর, অভিরামপুর, খেরুয়াপাড়া, কিশোরীপুর, জগন্নাথপুর, আমঝুপি, জীবনপুর, কুকি কালিদাস ও কুকি জগন্নাথপুরসহ ১১টি মৌজা নিয়ে ‘সীমান্ত’ ইউনিয়ন গঠন করা হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। এ ছাড়া ভরিয়া (ভৈরা), মেঘাখর্দ্দ, আলমপুর, রহবল, সাওয়ালদহ, কৃষ্ণপুর, তালিবপুর, বোয়ালমারীসহ মোট ৮টি মৌজা নিয়ে গঠিত হয়েছে ‘দীগন্ত’ ইউনিয়ন। এ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।
◉ সরকারের ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬টি অপহরণ
নামের মিলকে মিরাকেল বললেন প্রতিমন্ত্রী : ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ১১(১) ধারা অনুযায়ী, জেলা প্রশাসক সরকারি গেজেটে প্রজ্ঞাপনে কয়েকটি গ্রাম বা সংলগ্ন মৌজা বা গ্রামের সমন্বয়ে একটি ওয়ার্ড এবং ৯টি ওয়ার্ডের সমন্বয়ে একটি ইউনিয়ন ঘোষণা করতে পারেন। নবগঠিত ইউনিয়নের নাম নির্ধারণ করবেন জেলা প্রশাসক। তবে কোনো ব্যক্তির নামে ইউনিয়নের নামকরণ করা যাবে না।
আইনে এই বিধান থাকার পরও কীভাবে প্রতিমন্ত্রীর সন্তানদের নামে ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে এ প্রশ্ন সংবাদমাধ্যমে আসার পর গত সোমবার মাগরিবের নামাজের বিরতির আগে সম্পূরক বাজেট আলোচনায় বিষয়টি সংসদে তোলেন জামায়াতের এমপি শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার এলাকায় একটি ইউনিয়নে মীর বংশের নামে মীরবাড়ি নামকরণ করেছেন। তার দুই সন্তান সীমান্ত ও দিগন্ত নামে দুটো ইউনিয়নের নামকরণ করা হয়েছে। পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রী নাকচ করেছেন। আমরা বাহবা দিয়েছি। প্রধানমন্ত্রী যা চান সেটাই তো মন্ত্রীদের চাওয়ার কথা।’

এ জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘অলৌকিকভাবে আমার সন্তানদের নাম ইউনিয়ন পরিষদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই, কিন্তু আমার সন্তানদের নাম হচ্ছে মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি ইচ্ছা থাকত, তাহলে জেলা প্রশাসককে বলতাম ‘নাম রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত’। কিন্তু নামের আগে তো মীর নেই।” সরকারি দলের এমপিরা এ সময় টেবিল চাপড়ে নামের সমর্থন জানান প্রতিমন্ত্রীকে।
জানা গেছে, গত ৩ জুন শিবগঞ্জ উপজেলার এক সভায় বিএনপির এক নেতা ইউনিয়নগুলোর নামকরণের বিষয়ে প্রস্তাব করলে সভায় সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। পরে উপজেলা প্রশাসন থেকে নামগুলো লিখিত প্রস্তাব আকারে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। জেলা প্রশাসক ১১ জুন ‘মীরবাড়ি ইউনিয়ন’ এবং ১৪ জুন ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে গেজেট জারি করেন।
◉ ৫০১ বিলিয়ন ডলারের মাইলফলকে জিডিপি, মাথাপিছু আয়েও রেকর্ড
তবে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠনে গণশুনানি টিমের প্রধান উপজেলা নির্বাচন কর্মকর্তা শাখাওয়াত হোসেন দাবি করেন, তারা এলাকাগুলোতে নিরপেক্ষভাবে গণশুনানি করেছেন। শুনানিতে অংশগ্রহণকারীরা কে কোন দল করেন তা বিবেচনা করা হয়নি। এছাড়া ইউনিয়নের নামকরণের ব্যাপারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জেলা বা উপজেলা প্রশাসনের কোনো প্রভাব ছিল না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ওই এলাকায় মীরবাড়ী নামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভোট কেন্দ্র রয়েছে। এর নামানুসারে ‘মীরবাড়ী’ ইউনিয়ন গঠনের প্রস্তাব পেয়েছিলেন।
এ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ডিও লেটার পাওয়ার পর শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে চারটি নতুন ইউনিয়নে গঠনের উদ্যোগ নেওয়া হয়। ইউনিয়নগুলোর নামকরণের আগে এলাকাবাসীর মতামত গ্রহণের জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি বিধিমোতাবেক গণশুনানি করে। সেখানে মোকামতলা উপজেলায় দেউলী ইউনিয়ন ভেঙে দুটি ইউনিয়ন করা হয়েছে। এ কারণে দেউলী নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘দিগন্ত ইউনিয়ন’ নামকরণ করা হয়েছে। এছাড়া সৈয়দপুর ইউনিয়ন পার্শ্ববর্তী সোনাতলা ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় এ ইউনিয়ন ভেঙে ‘সীমান্ত ইউনিয়ন’ নামকরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, শুনানি অনুসারে নিয়ম মেনে ‘‘মীরবাড়ী’ ইউনিয়নের নামকরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দাবি করেন, চারটি ইউনিয়ন নামকরণের ব্যাপারে প্রতিমন্ত্রীর কোনো প্রভাব বা নির্দেশনা ছিল না। এদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও এলাকার অনেকে বলছেন, প্রতিমন্ত্রীর পৈতৃক ‘মীরবাড়ি’ এবং তার দুই ছেলে ‘সীমান্ত’ ও ‘দিগন্তে’র নামেই নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে।
◉ রাজ্য হারিয়েছেন, এবার দলও হারাতে পারেন মমতা ব্যানার্জি
শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান বলেন, ‘প্রতিমন্ত্রীর ছেলে ও বাড়ির নামে ইউনিয়ন পরিষদ করায় এলাকার মানুষ খুশিই হয়েছেন। ছেলের বা বাড়ির নামে ইউনিয়নের নাম করায় দোষের কিছু নয়, বরং ভালো হয়েছে।’
এর আগে চট্টগ্রামের জলাবদ্ধতা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন মীর শাহে আলম। জলাবদ্ধতা নিয়ে সংসদে আলোচনা হওয়ার পর তাকে চট্টগ্রামে পাঠানো হয়। পরে ফিরে এসে তিনি সংসদে গিয়ে বলেন, চট্টগ্রামে কোথাও পানি ওঠেনি, সবই গুজব। এ ধরনের বক্তব্য পুরো চট্টগ্রামে সমালোচনার জন্ম দেয়।
চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা : এদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (১৪ জুন) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে মামলাটি করেন।
শুনানি শেষে আদালতের বিচারক মেহেদী হাসান অভিযোগটি আমলে নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে আদেশ দিয়েছেন। অভিযুক্তরা হলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার এবং বগুড়া প্রতিনিধি শামস।
মামলার আবেদনে বলা হয়, বিবাদীরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে বাদী এবং বগুড়ার সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলমের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাছেদ বলেন, ‘মামলার বিয়ষটি সম্পর্কে অবগত রয়েছি। আদালত ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।’
নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ১৭ জুন ২০২৬



