কুমিল্লার মন্দিরে হামলার বিচার হবে ট্রাইব্যুনালে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কুমিল্লায় মন্দিরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে।
শনিবার বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত নবাগত সাব-রেজিস্ট্রারদের বরণ এবং রেজিস্ট্রেশন সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ভিডিও দেখে আসামি শনাক্ত করা হয়েছে। ধারণ করা ভিডিও ফুটেজ (এভিডেন্স) সাক্ষ্য হিসেবে গ্রহণ করার একটা ধারা আছে, সেই ধারায় এটা গ্রহণ করতে কোনো অসুবিধা হবে না।
তিনি আরো বলেন, আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, যে মুহূর্তে তদন্ত শেষ হয়ে বিচারিক আদালতে আসবে, এটা তখন দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে। বিচার দ্রত সমাপ্ত করা হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. মইনুল কবির ও মো. গোলাম সারওয়ার। নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক।



