বাংলাদেশবিশ্ব

বাংলাদেশকে আর কখনো কেউ পেছনে টানতে পারবে না: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ দেশের মানুষকে উন্নত জীবনের স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে আর কখনো কেউ পেছনে টানতে পারবে না।

রবিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সেরি ভবনের সম্প্রসারিত অংশের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সেবা দিতে দেশের কূটনীতিকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, ‘প্রবাসীদের যথাযথ সেবা প্রদান এবং তাদের সুস্থতার জন্য আপনাদের (কূটনীতিকদের) প্রয়োজন।’

সরকার প্রধান বলেন, একদিকে বাংলাদেশকে তুলে ধরা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের রপ্তানি কীভাবে বাড়াতে পারি, বিনিয়োগ কীভাবে বাড়াতে পারি, দেশের আর্থ-সামাজিক উন্নতি কীভাবে হতে পারে, দেশের মানুষ কীভাবে ভালো থাকতে পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া দরকার।

শেখ হাসিনা বলেন, বর্তমান বিশ্বে এককভাবে কেউ এগিয়ে গিয়ে উন্নতি করতে পারে না। এখন সম্মিলিত একটা প্রচেষ্টাও দরকার। সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা কূটনৈতিক মিশনের বিরাট দায়িত্ব রয়েছে।

শেখ হাসিনা রপ্তানি ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচনা ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া পররাষ্ট্রনীতি অনুসরণ করে সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই বরং উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করে এগিয়ে যাচ্ছে এবং এই মর্যাদা ধরে রেখে একটি উন্নত দেশে পরিণত হচ্ছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান অন্যান্যের মধ্যে বিএইচসিতে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button