এবার টিকার সবচেয়ে বড় চালান এলো চীন থেকে

চীন থেকে ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ করোনা টিকার সবচেয়ে বড় চালান এবার দেশে এসেছে।
ইউনিসেফ বাংলাদেশ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব টিকা দেশে আসার কথা জানায়।
এ টিকার চালানটি এসেছে বাংলাদেশ সরকার, এশিয়া উন্নয়ন ব্যাংক ও ইউনিসেফের মধ্যে যৌথভাবে খরচ বহনের চুক্তির অংশ হিসেবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন থেকে বাংলাদেশে ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ টিকা আসার মধ্য দিয়ে এ বছর জুন মাস থেকে এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা-অনুমোদিত বিভিন্ন সূত্র থেকে ইউনিসেফ ১০ কোটিরও বেশি টিকা সরবরাহ করেছে বাংলাদেশে।
ইউনিসেফ সরবরাহকৃত ১০ কোটি ডোজ টিকার মধ্যে ৫ কোটিরও বেশি টিকা সংগৃহীত হয়েছে কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে। ইউনিসেফ দ্বারা সরবরাহকৃত এই ১০ কোটি ডোজ টিকার বাইরে বাংলাদেশ সরকার বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বিপুল সংখ্যক টিকা সংগ্রহ করেছে।



