স্পোর্টেইনমেন্ট

ঈদের দিনে দেশে ফিরলেন তামিম ইকবাল

শনিবার (১ আগস্ট) ঈদ-উল আযহার দিনে দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি উন্নত চিকিৎসার জন্য গত ২৫ জুলাই লন্ডনে গিয়েছিলেন ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গেল কয়েক মাস ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন দেশসেরা এই ড্যাশিং অপেনার। হঠাৎ ব্যথা বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা থেকেই ঢাকায় বেশ কিছু পরীক্ষাও করান তিনি। কিন্তু চিকিৎসকরা কোনও সমস্যা খুঁজে পাচ্ছিলেন না।

এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য গত ২৫ জুলাই লন্ডনে যান তামিম।

বিসিবি সূত্রে জানা গেছে, লন্ডনে চিকিৎসক তামিমকে এখনও কোনও চিকিৎসা দেননি। তবে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে তার। ৫-৬ দিন পর পরীক্ষাগুলোর রিপোর্ট জানা যাবে। এই কদিন লন্ডনে  অপেক্ষা করতে চাননি বলে ঈদের দিনই দেশে ফিরলেন বাঁহাতি এই অপেনার।

Related Articles

Leave a Reply

Back to top button