বাংলাদেশবিশ্ব

ইউক্রেন সেনাদের হাতে ৫ বাংলাদেশি জিম্মি

পাঁচ বাংলাদেশিকে জিম্মি করেছে ইউক্রেনের সেনারা।

ঢাকায় রাশিয়া দূতাবাস এমন একটি ভিডিও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।

শুক্রবার (৪ মার্চ) ঢাকার রাশিয়ান দূতাবাস তাদের ভেরিফায়েড টুইটে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের একটি ভিডিওটি প্রকাশ করে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিলো, ইউক্রেনের ক্যাম্পে ৫ বাংলাদেশিকে জিম্মি করে রাখা হয়েছে।

ভিডিওতে রিয়াদুল মালিক নামে এক বাংলাদেশি তাদের উদ্ধারের আকুতি জানিয়ে বলেন, আমরা ইউক্রেনের একটি ক্যাম্পে আটক রয়েছি। এখানে আরও কয়েকজন বাংলাদেশি আছেন। একজন দরজায় পাহারা দিচ্ছেন। তাদের সবার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। আমরা একটি মোবাইল ফোন লুকিয়ে রেখেছি। এই শিবিরকে ইউক্রেনের সেনারা ঘাঁটি বানিয়েছে। রাশিয়া সেনাঘাঁটি দেখে দেখে বোমা ফেলছে।

রিয়াদুল মালিক বলেন, আমরা অনেক ভয়ে আছি। আমাদের আটকে রেখেছে জিম্মির মতো করে। ১০০ এর ওপর মানুষ আছে। রাত হলে বোমা ও গুলির শব্দ শুনতে পাই। লাইট বন্ধ করে দিই। আমরা যেখানে তিনজন মানুষ থাকি, সেখানে ১০ জন এনে রেখেছে। আমাদের মারে। আমাদের অনেক মারতেছে।

তিনি আরও বলেন, ইউক্রেনের অন্য ক্যাম্পগুলোর সবই বোমা ফেলে উড়িয়ে দিয়েছে এরই মধ্যে। এ শিবিরটা শুধু আছে। আমরা জানি না, আমাদের জীবনের নিশ্চয়তা কতটুকু আছে। আমি আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এখান থেকে উদ্ধার করার জন্য। আমাদের জীবনের এখন এক মিনিটেরও নিশ্চয়তা নেই।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় গত ২৭ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছিলো, ইউক্রেনে বাংলাদেশের দূতাবাস নেই। ইউক্রেনের কারাগারে বা বন্দিশিবিরে থাকা বাংলাদেশিদেরও উদ্ধার করে নিয়ে আসার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে কাজ করছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button