আফিফ-মিরাজের রেকর্ড জুটিতে বাংলাদেশের অসাধারণ জয়

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অবিশ্বাস্য জয় পেয়েছে টাইগাররা।
বুধবার সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় আফগানরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫ রানে যখন ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ, তখন ব্যাট করতে আসেন মেহেদী মিরাজ ও আফিফ হোসেন।
অবশেষে দুজনের অনবদ্য ব্যাটিং শেষ পর্যন্ত ৪ উইকেটের স্বস্তির জয় এনে দিয়েছে বাংলাদেশকে। শুধু দলকে জেতাননি তারা, বাংলাদেশের হয়ে সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন।
২১৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে আফগান পেসার ফজল হক ফারুকির তোপে ১ রানের ব্যবধানে দুই ওপেনার তামিম ইকবাল (৮) ও লিটন দাসের (১) বিদায়ের পর দলকে পথ দেখাতে ব্যর্থ হন মুশফিকুর রহিমও। বাঁহাতি এই পেসারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনিও।
একই ওভারে অভিষিক্ত ইয়াসির আলি রাব্বিকেও দুঃস্বপ্ন উপহার দেন এই বাঁহাতি। ০ রানে ডানহাতি এই ব্যাটসম্যানের স্টাম্প ভেঙে দেন ফারুকি। ৩ ওভারে এক মেডেনসহ নেন ৪ উইকেট! ১৮ রানে ৪ উইকেট হারিয়ে ২১৫ রানের লক্ষ্যকেই বাংলাদেশের জন্য করে তুললেন পাহাড়সম।
ফারুকির তোপ সামলে উঠার আগেই দৃশ্যপটে আবির্ভাব স্পিনারদের। নিজের চতুর্থ ওভারেই বিপিএল সতীর্থ সাকিব আল হাসানকে (১০) ফেরান মুজিবুর রহমান। ডানহাতি এই স্পিনারকে কাট করতে গিয়ে বোল্ড হন সাকিব। এরপর রশিদ খানকে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ (৮)। তাতে ৫০ রানেই নেই বাংলাদেশের ৬ উইকেট।
সেখান থেকেই আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের চমক দেখানো এক দুর্দান্ত জুটি।
৬৪ বলে ফিফটি ছুঁয়েছেন আফিফ। ৩৬তম ওভারে আহমেদজাইকে পুল শটে দুই চার হাঁকিয়ে মিরাজ ৭৯ বলে তুলে নেন ফিফটি। ১৪২ বলে দুজনের জুটিও ছুঁয়ে ফেলে শতরান। আফিফ ৯৩ (১১৫) ও মিরাজ ৮১ (১২০) রানে অপরাজিত থেকে ছেড়েছেন মাঠ।
আফগানদের পক্ষে ৪ উইকেট নেন ফজল হক ফারুকি, ১ উইকেট করে নেন রশিদ খান ও মুজিব উর রহমান।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের উদ্বোধনী জুটি টিকেনি ২.৩ ওভারের বেশি। মুস্তাফিজের বলে ৭ রান করে তামিমকে ক্যাচ দেন গুরবাজ। ব্যক্তিগত ৩ রানে ফিরতে পারতেন ইব্রাহিমও। তাসকিন আহমেদের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ লুফে নিতে পারেননি মাহমুদউল্লাহ।
আফগানিস্তান শেষ পর্যন্ত অলআউট হয়ে ২১৫ রানের সংগ্রহ পায় জাদরানের ব্যাটে চড়েই। শেষ ২১ রানে হারায় ৫ উইকেট। ৯ম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তার জাদরানের ব্যাটে ৮৪ বলে ৪ চার ২ ছক্কায় ৬৭ রান।
বাংলাদেশের হয়ে ৩৫ রানে সর্বোচ্চ ৩ উইকেট মুস্তাফিজের। আর ২ টি করে উইকেট নেন তাসকিন, সাকিব, ও শরিফুল।



