ভূরাজনীতি
আওয়ামী লীগে লোকের অভাব নেই, অভাব শৃঙ্খলার: কাদের

আওয়ামী লীগে লোকের অভাব নেই, অভাব শৃঙ্খলার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর খিলগাঁও জোড়পুকুর মাঠে নগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের শৃঙ্খলাবোধ কোথাও কোথাও একটু দুর্বল। কেন্দ্রীয়, মহানগরের নেতাদের নামের সঙ্গে বিশেষণ দিতে দিতে ৫ মিনিট শেষ। আমাকে শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেই চলবে। এতে যদি আমাকে কেউ না চিনে তাহলে তো আমাদের দলের সেক্রেটারি হওয়ার দরকার নাই। এত বিশেষণ দিচ্ছেন কেন, খুশি করার জন্য? আপনাদের খুশি করে আমার লাভ কি, আমাকে যিনি বানিয়েছেন তিনি খুশি থাকলেই হবে। বঙ্গবন্ধু, শেখ হাসিনা ছাড়া আর কোনো স্লোগান আমাদের দরকার নেই।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সবার ইশতেহার শেখ হাসিনার কাছে জমা আছে। তিনি প্রতি ৬ মাস পর পর প্রতি এলাকার রিপোর্ট নেন। সব খবর তার কাছে আছে, কাকে মনোনয়ন দিলে মানুষ ভোট দিবে। ওই রিপোর্টে ভোট আসবে, ব্যানারের ছবি মুছে যাবে। পোষ্টারের ছবি ছিড়ে যাবে। তারাই থাকবে যারা হৃদয়ে নাম লেখাতে পারে। মানুষের হৃদয়ে যাদের নাম আছে, তারাই হচ্ছেন নেতা। তারাই হন বঙ্গবন্ধু, তারাই হন শেখ হাসিনা। একজন মরে গেলেও এই দেশ, এই জনপদ যতদিন আছে, ততদিন তার মৃত্যু নেই। যতদিন জাতীয় পতাকা আছে, জাতীয় সঙ্গীত আছে, এখানে বঙ্গবন্ধুর মৃত্যু নেই। তিনি স্বাধীনতা দিয়ে যাওয়াতে মরেও বেচে আছে।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা আছেন বলে আজকে নিজের টাকায় পদ্মা সেতু হয়েছে। বিশ্বব্যাংক অপবাদ দিয়ে চলে গেছে যে আমরা নাকি চুরি করেছি। শেখ হাসিনা প্রমাণ করেছে যে আমরা চোরের জাতি নই, আমরা বীরের জাতি। আমরাও পারি শেখ হাসিনা তা প্রমাণ করেছেন।
কাদের বলেন, কেউ কি কখনো ভাবতে পেরেছিলেন যে ঢাকা সিটিতে মেট্রোরেল হবে? সেই মেট্রোতে চড়তে সারাদেশ থেকে এসে এখন লম্বা লাইন হয়েছে। কিন্তু মেট্রোই শেষ নয়। নগরব্যাপী ছয়টি মেট্রোরেল হবে। কারও হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলার কোনো কারণ নেই। সবাই পাবেন স্বপ্নের মেট্রোরেল, শেখ হাসিনা সেভাবেই পরিকল্পনা করে রেখেছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর্টিকুলেটেড বাস জুলাই মাসে উদ্বোধন হবে।
সেতুমন্ত্রী বলেন, অন্তর জ্বালা, বিএনপির অন্তর জ্বালা। পদ্মাসেতুর জ্বালা, মেট্রোরেলের জ্বালা, শত সেতুর জ্বালা, শত রাস্তার জ্বালা, শতভাগ বিদ্যুতের জ্বালা, আকাশে মহাকাশে স্যাটেলাইট এর জ্বালা। কি না করেছে শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সকালে ঘুম থেকে উঠেই বলে সরকার পতন, তত্ত্বাবধায়ক সরকার। দিনের বেলা স্বপ্ন দেখে, রাতের বেলা নয়। দিবাস্বপ্ন দেখে দেখে ভাবে, কবে দেখা দিবে ময়ূর সিংহাসন। এই ময়ূর সিংহাসনে বসে শত মায়ের বুক খালি করেছেন আপনারা, হাওয়া ভবন থেকে লুটপাট করেছেন বাংলাদেশকে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, পাঁচ পাঁচ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, ভুয়া ভোটার তালিকা করে ১/১১ সৃষ্টি করেছেন, জরুরী সরকার এনেছেন। আবার তত্ত্বাবধায়ক সরকার এনেছেন দুই মাসের জন্য, কিন্তু তা দুই বছরেও যায় না। পাবলিক ক্ষেপে গেছে, শেখ হাসিনার আন্দোলনে ২৫ লাখ লোক স্বাক্ষর দিয়েছে।
মন্ত্রী বলেন, পঁচাত্তরের পর প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়ে বঙ্গভবন থেকে গণভবন গিয়ে দেখেন টেলিফোন, বিদ্যুৎ লাইন কাটা। বিদায় বেলা তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রীকে যে অপমান করেছেন সে তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই না।
রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে কাদের বলেন, রাষ্ট্রপতির মনোনয়নেও আপনারা দেখেছেন চমক। রাষ্ট্রপতি হওয়ার ১০ মিনিট আগেও ব্যক্তি জানতেন না যে তিনি রাষ্ট্রপতি হচ্ছেন। এই চমক শেখ হাসিনা ছাড়া আর কেউ দিতে পারে না।
সভায় সভাপতিত্ব করেন নগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল এবং পরিচালনা করেন নগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।



