ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ বাধ্যতামূলক করছে সৌদি

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে সুরক্ষা পেতে টিকার বুস্টার ডোজ বাধ্যতামূলক করার কথা জানিয়েছে সৌদি আরব। খবর: গালফ নিউজের।
শুক্রবার (০৩ ডিসেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সে বার্তায় বলা হয়েছে, ১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ গ্রহণ করতে হবে। করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর যদি আট মাস পেরিয়ে যায় তাহলে তাদের জন্য বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) গ্রহণ বাধ্যতামূলক।
জানা গেছে, এই সিদ্ধান্ত আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। সেদিন থেকে বুস্টার ডোজ ছাড়া আর তাওয়াক্কালনা এপে ইমিউন শো করবে না।
তাওক্কালনা এপে ইমিউন শো না করলে আর্থিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, বিনোদনমূলক, স্পোর্টস প্রতিষ্ঠানে প্রবেশাধিকার সীমিত থাকবে। সেসঙ্গে সরকারি, বেসরকারি, প্রাইভেট প্রতিষ্ঠানে প্রবেশ করা, সৌদি আরবে কাজের উদ্দেশ্যে কিংবা সেবা গ্রহণের উদ্দেশ্যে সেখানে গমন এবং বিমানে আরোহণ ও গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রেও প্রবেশাধিকার সীমিত থাকবে বলে জানানো হয়েছে।



