অমিতাভ বচ্চনের বাড়ি ভাঙার নির্দেশ!

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের বাড়ির একাংশ, রাস্তা প্রশস্ত করতে ভাঙার নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)।
ভারতীয় একটি গণমাধ্যমকে এ বিষয়ে ৯০ নম্বর ওয়ার্ডের মিউনিসিপ্যাল কাউন্সিলর টিউলিপ মিরান্ডা বলেন, রাস্তা চওড়া করার নিয়ম অনুযায়ী ২০১৭ সালেই অমিতাভ বচ্চনকে নোটিশ দিয়েছিল বিএমসি। সেই সময়ই কেন যে জায়গাটার দখল নেওয়া হলো না? নোটিশ দেওয়ার পর তো আর কোনও অনুনয়-বিনয়ের প্রয়োজন হয় না।
তিনি আরও জানান, এই রাস্তা সম্প্রসারণের কাজ খুবই জরুরি। কারণ সেখানে দুটি স্কুল, হাসপাতাল, ইস্কনের মন্দির রয়েছে। তার আপিলের পরেই নড়চড়ে বসেছে বিএমসি এবং নতুন করে এই প্রজেক্টের কাজ শুরু হয়েছে। ফলে শিগগিরই ভাঙা হতে পারে অমিতাভের প্রতীক্ষা।
১৯৭৬ সালে মুম্বাইয়ের জুহুর ১০ নম্বর রোডে একটি বাড়ি কেনেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তখন তার বাবা হরিবংশ রাই বচ্চন এর নাম রাখেন প্রতীক্ষা। এখনও অভিষেক, ঐশ্বরিয়া ও নাতনি আরাধ্যার সঙ্গে ‘প্রতীক্ষা’য় থাকেন বলিউডের এ সুপার ষ্টার।



