বাংলাদেশ

নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বিভিন্ন প্রকাশনার মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে মুজিববর্ষে প্রকাশিত বইগুলোর মোড়ক উন্মোচন, ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের পুরস্কৃত বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি একেবারে শিশু-কিশোর, যুবক থেকে শুরু করে বয়োবৃদ্ধরা এই এসব প্রকাশনাগুল্ পড়লে জাতির পিতা সম্পর্কে যেমন জানতে পারবে, তেমনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সম্পর্কে ইতিহাসকে জানতে পারবে।’

তিনি বলেন, আমাদের উন্নয়ন শহর ভিত্তিক নয়, একেবারে তৃণমূল থেকেই আমরা উন্নয়ন করে আসছি। সে ক্ষেত্রে এ ধরনের আয়োজনের ফলে মানুষ যেমন ইতিহাসকে জানতে পারবে, সত্যকে জানতে পারবে, আর এর ভেতর থেকে নিজেরা নিজেদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারবে।

বলেন, দেশের প্রতি দেশের মানুষের প্রতি যে একটা দায়িত্ব আছে সেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন ও কর্ম সম্পর্কে যতই জানতে পারবে ততই তারা তা উপলদ্ধি করতে পারবে। কেননা, একটা মানুষ তাঁর জীবনের সবকিছু ত্যাগ করেছিলেন, বাংলাদেশের শোষিত বঞ্চিত মানুষের জন্য।

সরকার প্রধান বলেন, আজকে বাংলাদেশের মানুষের যে অবস্থা তা ১৩/১৪ বছর আগেও এমন ছিলনা, এটা হলো বাস্তবতা। কিন্তু আমরা সে পরিবর্তন আনতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে নিয়ে এত গান, কবিতা এত রচনা হয়েছে যে,আমি জানিনা পৃথিবীতে এমন আর কোন নেতা আছে কিনা যাঁদের নিয়ে এত রচনা হয়েছে। এই রচনাগুলো লোক সাহিত্য থেকে শুরু করে বিজ্ঞান বিষয়ক সর্বক্ষেত্রেই বিস্তৃত।

জাতির পিতা অবদানকে মানুষ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, কেবল গ্রহণ করলেই হবেনা। আমি চাই নতুন প্রজন্ম সেই আদর্শে আদর্শবান হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকে নতুন প্রজন্ম ২০৪১ সালের সৈনিক হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। উন্নয়নশীল দেশ থেকে ধাপে ধাপে আমরা উন্নত সমৃদ্ধ দেশে উন্নীত হবে। আর সেটা করা খুব কঠিন কাজ নয়, ইনশাল্লাহ আমরা তা করতে পারবো।

সরকার প্রধান বলেন, জাতির পিতা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সোনার মানুষ চেয়েছিলেন। সেই সোনার মানুষ এখন তৈরি হচ্ছে। সেটাই হচ্ছে সবথেকে বড় কথা।

তিনি অনুষ্ঠান আয়োজক-প্রকাশকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি এই ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, এই ধারা অব্যাহত থাকলে মানুষ সঠিক ইতিহাস জানার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জন্য কাজ করে যাবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। সেটা অবশ্যই সফল হবে বলে আমি বিশ^াস করি।

এ সময় তিনি ‘বঙ্গবন্ধু স্কলারস’ বৃত্তি ভবিষ্যতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে অব্যাহত রাখার আভাস দেন প্রধানমন্ত্রী। কারণ, জাতির পিতা বলতেন ‘শিক্ষায় অর্থ ব্যয় হচ্ছে বিনিয়োগ’। দেশের ছেলে-মেয়েদের লেখা পড়া শিখিয়ে উপযুক্তভাবে গড়ে তুলতে পারলে তারা দেশ গড়ার কাজে নিবেদিত হয় এবং দেশের জন্য অবদান রাখতে পারে।

শেখ হাসিনা বলেন, আজকে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে এবং আমি অন্তত এইটুকু দাবি করতে পারি ২০০৮ এ বিজয়ী হয়ে সরকার গঠনের পর ২০২২ সালের এই সময়ে আমরা বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন আনতে সক্ষম হয়েছি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্বাচিত ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্কলারস’ বৃত্তি এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী ১শ’ জনের মাঝে নির্বাচিত ১০ জনকে অনুষ্ঠানে পুরস্কৃত করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এবং আন্তর্জাতিক প্রকাশনা ও অনুবাদ উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফখরুল আলম। সাহিত্য অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পূর্বে ধারণকৃত বক্তব্য অনুষ্ঠানে প্রচারিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে মুজিববর্ষের থিম সংগ ‘তুমি বাংলার ধ্রুবতারা, হৃদয়ের বাতিঘর’ পরিবেশিত হয়। সূত্র: বাসস।

Related Articles

Leave a Reply

Back to top button