বিশ্ব

অস্ট্রেলিয়ায় করোনা মোকাবিলায় সেনা মোতায়েন

অস্ট্রেলিয়ার উপকূলীয় ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে দ্বিতীয় দফায় করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়েছে। সেখানে রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে। এক সপ্তাহে মেলবোর্নে ১৫০ নতুন রোগী শনাক্ত করা হয়েছে। এজন্য করোনা মোকাবিলায় মেলবোর্নে এক হাজার সেনা মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির সেনাবাহিনীর এক ঘোষণায় এ কথা জানানো হয়েছে। খবর এএফপি।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস এ ব্যাপারে বলেছেন, খুব দ্রুতই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভিক্টোরিয়া রাজ্যে এক হাজার সেনা মোতায়েন করা হচ্ছে। প্রায় ৮৫০ জন সৈন্য বিদেশ থেকে আসা ভ্রমণকারীদের হোটেল কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করবে। বাকি প্রায় ২০০ সৈন্য অন্যান্য আনুষাঙ্গিক বিষয়াদি ও মেডিকেল সহায়তা দেবে।

আড়াই কোটি জনসংখ্যার দেশ অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত হাজার এবং মৃতের সংখ্যা ১০৩ জন। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া খুব সাফল্য দেখাচ্ছিল। কিন্তু নতুন সংক্রমণ দেশটিকে উদ্বেগে ফেলে দিয়েছে।

দেশটিতে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের সংখ্যা বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় যথেষ্ট কম হলেও তা মোকাবিলায় উল্লেখযোগ্যসংখ্যক সেনা মোতায়েনকে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button