অন্য খবর

বুস্টার ডোজ নিলে ৫ গুণ অ্যান্টিবডি: গবেষণা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণায় জানা গেছে, করোনাভাইরাসের ভ্যাকসিনের বুস্টার ডোজ নিলে মানুষের দেহে পাঁচগুণ অ্যান্টিবডি তৈরি হয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ উপাচার্য ও গবেষণা দলের প্রধান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এই তথ্য জানান। গবেষণা প্রকল্পটিতে সহ-গবেষক হিসেবে যুক্ত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, টিকার বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজনীয়তা ও কার্যকারিতার প্রমাণ এ গবেষণার প্রাপ্ত তথ্যে পাওয়া যায়।

ভবিষ্যতে নির্দিষ্ট সময় অন্তর বুস্টার ডোজ প্রয়োগের প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য সমসাময়িক গবেষণার প্রয়োজন। পাশাপাশি স্বাস্থ্য বিধির যথাযথ অনুসরণ নিশ্চিত করা অপরিহার্য।

তিনি জানান, টিকা নেওয়ার পর প্রথম ধাপে ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। যারা আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের শরীরে তুলনামূলক বেশি এন্টিবডি পাওয়া পাওয়া গেছে। টিকা নেওয়ার ৬ মাসের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই অ্যান্টিবডির পরিমাণ হ্রাস পেয়েছে। বুস্টার দেওয়ার পর শতভাগ অংশগ্রহণকারীর শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাছাড়া রক্তের প্যারামিটারগুলোতে কোনো পরিবর্তন হয়নি।

তিনি আরো জানান, গবেষণায় অংশগ্রহণকারীদের অধিকাংশই স্বাস্থ্য সেবাদানের সঙ্গে জড়িত ছিলেন। অর্ধেকের বেশি অংশগ্রহণকারী আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানিসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তবে এ ধরনের রোগের কারণে অ্যান্টিবডি তৈরিতে কোনো পার্থক্য দেখা যায়নি বলেও জানান বিএসএমএমইউ উপাচার্য ও গবেষণা দলের প্রধান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

Related Articles

Leave a Reply

Back to top button