বিভ্রান্ত নয় জনগণ, অপপ্রচারকারীদের রেহাই নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কোনও অপপ্রচারকারীদের রেহাই নেই’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি, কতিপয় অর্বাচীন অসুস্থ লোক ইতিহাস বিকৃত করার প্রক্রিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টায় নিরন্তর কাজ করছে বলে অভিযোগ করেন।
রিজভী বলেছেন, ‘মান্নান হীরা নামে এক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের নেকনজর পাওয়ার জন্য ‘ইনডেমনিটি’ নামে তথাকথিত একটি বিকৃত ইতিহাসের চটি নাটক লিখে ‘জয় বাংলা’ ব্যানারে বা তাদের সাংস্কৃতিক জোটের নামে গত এক বছর যাবত সারাদেশে মঞ্চায়ন করে বেড়াচ্ছে। তারা নতুন প্রজন্মের সামনে সম্পূর্ণ মিথ্যা এক বিকৃত ইতিহাস দাঁড় করানোর হীন প্রচেষ্টা তুলে ধরেছে এ নাটকের কল্পিত গল্পে। পাশাপাশি দেখানো হয়েছে, জিয়াউর রহমানের নির্দেশে নাকি ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর খন্দকার মোশতাক ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন। এ নাটকে খুনি ও খল চরিত্র এমনভাবে সাজানো হয়েছে যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। এ নাটক নির্মাতাদের কতো বড় স্পর্ধা যে, এদেশের কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে ‘অসত্য ইতিহাস’ রচনা করে তা নাটক আকারে বিকৃতভাবে মঞ্চস্থ করছে।’
রিজভী বলেন, ‘এই কথিত পথনাটকটি ২৬ সেপ্টেম্বর নিশিরাতের এক সংসদ সদস্যের মালিকানাধীন টিভিতে প্রচার করা হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা তাদের সাবধান করে দিতে চাই, এ ইতিহাস বিকৃতি ও তথ্যসন্ত্রাসমূলক নাটক প্রচারের অপচেষ্টা চালিয়ে গণশত্রু হবেন না।
তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করা মানেই রণাঙ্গনের সকল মুক্তিযোদ্ধাকে অপমান করা। এই দিন দিন না, আরও দিন আছে। দেশের জনগণই এর উপযুক্ত জবাব দেবে। বিকারগ্রস্ত মানসিকতার এই ‘ইনডেমনিটি’র নামে চরিত্রহননকারী নাটকের নির্মাতাদের এহেন কর্মকাণ্ডে আমি তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। এটির সাথে যারা জড়িত কিংবা প্রচার করবেন জনগণ তাদের ক্ষমা করবে না।’
তিনি বলেন, ‘ইতিহাস সাক্ষ্য দেয় যে, মরহুম শেখ মুজিবুর রহমানের পরিবারের মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িত সবাই ছিলেন আওয়ামী লীগের বা তাদেরই বশংবদ। সেখানে শহীদ জিয়াউর রহমানের দূরতম কোনও ভূমিকাও ছিল না। ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর তারিখে আওয়ামী লীগ নেতা তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ জারি করেন। এটি ১৯৭৫ সালের অধ্যাদেশ নং ৫০ নামে অভিহিত ছিল। ’দি বাংলাদেশ গেজেট, পাবলিশড্ বাই অথরিটি’ লেখা অধ্যাদেশটিতে খন্দকার মোশতাক আহমেদের স্বাক্ষর রয়েছে। খন্দকার মোশতাকের ক্যাবিনেট ছিল সম্পূর্ণরুপে আওয়ামী লীগের ক্যাবিনেট। সেটা কি আওয়ামী ফ্যাসিবাদী সরকারের তল্পিবাহক নাট্যকার’রা জানেন না? ইনডেমনিটির ইতিহাসই আওয়ামী লীগের ইতিহাস।’
তিনি বলেন, ‘মনগড়া কোনও ইতিহাস মানুষের কাছে টিকে থাকে না। যারা মিথ্যা ইতিহাস লিখেছে তারাও ইতিহাসের খলনায়ক।
তিনি অভিযোগ করে বলেন, ‘জাতীয় সংসদের নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে গতকাল ধানের শীষের প্রার্থীর প্রস্তুতি সভায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে আত্রাই থানা বিএনপি’র আহ্বায়ক মো. মোশাররফ এবং যুগ্ম আহ্বায়ক জাপানসহ অনেক নেতাকর্মীকে আহত করেছে। এছাড়া পাবনা-৪ উপ-নির্বাচনেও ধানের শীষের প্রার্থীর কর্মীসমর্থকদের হুমকি-ধামকি দিতে শুরু করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর গুন্ডা বাহিনী। আসন্ন উপনির্বাচনগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ডের আলামত দেখা যাচ্ছে। তবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে যতই বাধা দেয়া হোক, সংশ্লিষ্ট এলাকার জনগণ তা প্রতিরোধ করবে।’



