Leadঅন্য খবরবাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ৮ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী গত ১৬ এপ্রিল থেকে ‘নিখোঁজ’ রয়েছেন।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন জামিল লিমন ও নাহিদা এস. বৃষ্টি। তাঁদের বয়স ২৭ বছর। বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই দুই শিক্ষার্থীর নিখোঁজ থাকার তথ্য গণমাধ্যমকে জানায়।

জামিল বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছেন। অন্যদিকে নাহিদা পিএইচডি করছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে।

বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, জামিল ও নাহিদাকে সবশেষ ১৬ এপ্রিল টাম্পায় দেখা গিয়েছিল। সেদিন জামিলকে সবশেষ দেখা যায়, সকাল ৯টার দিকে, বিশ্ববিদ্যালয়ের কাছে তাঁর ছাত্রাবাসে।

অন্যদিকে নাহিদাকে সবশেষ দেখা যায় সেদিন সকাল ১০টার দিকে, বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিল্ডিংয়ে।

বর্তমানে স্থানীয় হিলসবোরো কাউন্টি শেরিফ (পুলিশ) এই দুই নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে বের করতে কাজ করছে।

যুক্তরাষ্ট্রের এনবিসিসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, জামিল ও নাহিদার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁদের এক পারিবারিক বন্ধু পরদিন গত ১৭ এপ্রিল বিকেল পাঁচটার দিকে বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

এর পরিপ্রেক্ষিতে দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। অঙ্গরাজ্য ও জাতীয় পর্যায়ের নিখোঁজ ব্যক্তির ডেটাবেজে দুজনের নাম ইতিমধ্যে তালিকাভুক্ত হয়েছে।

বিষয়টি তদন্তাধীন থাকায় পুলিশ কর্তৃপক্ষ এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি। তবে নিখোঁজ দুজনের বিষয়ে কোনো তথ্য জানলে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছে পুলিশ।

পুলিশের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম ফক্স ১৩ টাম্পা বে–এর প্রতিবেদনে বলা হয়, এই দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজতে নেই। দুই শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে।

নিউজ নাউ বাংলা/এসি/ এফওয়াই/ জেডআরসি/ ‌২৩ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button