ভয়াবহ দিন অপেক্ষা করছে: জাতিসংঘ মহাসচিব

করোনা ভাইরাস ও জলবায়ু পরিবর্তনের হুমকি বৃদ্ধি এবং ক্ষুধার কারণে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ।
বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের খাদ্য ও নিরাপত্তাবিষয়ক বৈঠকে এ কথা বলেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।
এ সময়, ভবিষতের ভয়াবহতা উল্লেখ করে, তিনি বলেন, পরিস্থিতির যদি উন্নতি না ঘটে তাহলে সামনে আমাদের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে।
এক বৈঠকে গুতেরেস বলেন, ‘দ্রুত পদক্ষেপ না নিলে লাখ লাখ মানুষ ক্ষুধা ও মৃত্যুর মুখে পড়বে।’
তিনি জানান, সাহেল, হর্ন অব আফ্রিকা, দক্ষিণ সুদান, ইয়েমেন এবং আফগানিস্তান সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এছাড়া, ৩৬টিরও বেশি দেশের তিন কোটি মানুষ দুর্ভিক্ষ ঘোষণা থেকে ‘মাত্র এক পা দূরে রয়েছে’।
জাতিসংঘ মহাসচিব ৫৫০ কোটি ডলার জরুরি সহায়তার আবেদন করে বলেন, বর্তমান এ সংকট আমাদের দ্বারাই সৃষ্টি হয়েছে। এ কারণে এ থেকে উত্তরণে আমাদেরই এগিয়ে আসতে হবে।



