খালেদা জিয়া ও গয়েশ্বরের বিরুদ্ধে পরোয়ানা

পৃথক দুটি মানহানি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে, নড়াইল সদর আমলি আদালতের বিচারক আমতুল মোর্শেদা এ পরোয়ানা জারি করেন। তাদের বিরুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ আনা হয়।
মামলার এজহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এক কোটি টাকা মানহানি হয়েছে মর্মে ওই বছরের ২৯ ডিসেম্বর শেখ আশিক বিল্লাহ বাদী হয়ে নড়াইল আমলি আদালতে মামলাটি করেন।



