
➤➤ চলমান বিশ্বকাপে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বেশ সতর্ক অবস্থানে ব্রাজিল। প্রথম দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক জায়গায় থাকা সেলেসাওদের নকআউট পর্ব নিশ্চিত করতে বুধবার (২৪ জুন) স্কটিশদের বিপক্ষে অন্তত এক পয়েন্ট প্রয়োজন।
আর ম্যাচটিতে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে যাবে লাতিন আমেরিকার পরাশক্তিরা। তবে মাঠের লড়াইয়ে নামার আগে দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ঘিরে এক ধরনের নিষেধাজ্ঞা-শঙ্কা তৈরি হয়েছে ব্রাজিল ক্যাম্পে।
প্রথম ম্যাচে মরক্কো এবং পরের ম্যাচে হাইতির বিপক্ষে খেলার মাঠে রজার ইবানিয়েজ, কাসেমিরো ও দগলাস সান্তোসের প্রত্যেকেই একটি করে হলুদ কার্ড দেখেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তারা যদি পুনরায় কার্ডের মুখোমুখি হন, তবে কপাল পুড়বে দলটির। কারণ নিয়মানুযায়ী আরেকটি হলুদ কার্ড পেলেই পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হবেন এ তিন তারকা।
◉ আর্জেন্টিনার উড়ন্তু শুরু, বিশ্বকাপের সব আলো কেড়ে নিলেন মেসি
অবশ্য বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় খেলোয়াড়দের সুবিধার্থে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তন এনেছে ফিফা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড এখন থেকে দুটি ধাপে মুছে ফেলা হবে। গ্রুপ পর্ব শেষ করে নকআউট বা দ্বিতীয় পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আগের কার্ডগুলো বাতিল হয়ে যাবে।
একই নিয়ম প্রযোজ্য হবে কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগেও। তবে এখানে একটি বড় সমীকরণ রয়েছে। যদি এ তিন খেলোয়াড়ের কেউ স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ডটি পান, তবে তাকে কিন্তু ফিফার নিয়ম মেনেই প্রথম নকআউট রাউন্ডের ম্যাচটিতে মাঠের বাইরে বসে থাকতে হবে।
নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ১৯ জুন ২০২৬



