বাংলাদেশ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন।
শুক্রবার (১ অক্টোবর) রাত সোয়া ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে ঢাকা পৌঁছান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ওয়াশিংটন সময় বিকেল ৫টা ২৭ মিনিটে ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন শেখ হাসিনা। তিনি ফিনল্যান্ডের হেলসিঙ্কি হয়ে ঢাকা আসেন।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

নিউইয়র্কে অবস্থানকালে গত ১৯ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের অংশগ্রহণের সাইড লাইনে অনুষ্ঠিত বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের আলোচনা সভায় অংশ নেন তিনি। একই সময়ে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন সংস্থা প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরণ করে বাংলায় ভাষণ দেন তিনি। এবার নিয়ে এটি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ১৮তম বার অংশগ্রহণ করলেন শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button