Leadইকোবিজ

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির বিনিয়োগ ও সংস্কারের চ্যালেঞ্জ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য

➤ বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য ঘোষণা করেছে সরকার। নির্বাচনী ইশতেহারে দেওয়া এই প্রতিশ্রুতি এখন অর্থনৈতিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।

তবে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, এই লক্ষ্য অর্জন শুধু রাজনৈতিক ঘোষণা নয়, বরং এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি নীতি, উচ্চ প্রবৃদ্ধি, বড় বিনিয়োগ এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক সংস্কার। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির আকার প্রায় ৫১০ বিলিয়ন ডলার। অর্থাৎ আগামী সাড়ে আট বছরের মধ্যে অর্থনীতির আকার প্রায় দ্বিগুণ করতে হবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ২১টি দেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারের বেশি। সেই তালিকায় যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় অর্থনীতি এবং পোল্যান্ড সবচেয়ে ছোট ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ। বাংলাদেশও সেই কাতারে যেতে চায়।

সরকার বলছে, লক্ষ্য অর্জনে ইতোমধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন মঙ্গলবার (১৯ মে) এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গঠন করা। এ লক্ষ্য অর্জনে খাতভিত্তিক পরিকল্পনা নেওয়া হয়েছে।’

➤➤ বড় হচ্ছে বাজেট, টাকা আসবে কোথা থেকে?

তিনি জানান, রপ্তানিমুখী শিল্পে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে। একই সঙ্গে জনপ্রশাসনে পাঁচ লাখ শূন্য পদে নিয়োগ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, কৃষিঋণ মওকুফ এবং অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের দাবি, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। জহির উদ্দিন স্বপন বলেন, ‘বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে।’ ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় রিফাইনারি ইউনিট স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। সরকারের আশা, এর পরীক্ষামূলক কার্যক্রম ২০২৯ সালে শুরু হবে। কারণ অর্থনীতির বড় প্রবৃদ্ধি ধরে রাখতে হলে শিল্প উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে বাস্তব চিত্র এখনো চ্যালেঞ্জপূর্ণ। গত অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল মাত্র ৩ দশমিক ৪৯ শতাংশ। আইএমএফ ধারণা করছে, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি সাড়ে ৪ শতাংশ ছাড়াতে পারে।

আগামী অর্থবছরে সরকার প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করতে চাইলেও গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে হলে আগামী বছরগুলোতে গড়ে ৯ শতাংশের বেশি প্রবৃদ্ধি প্রয়োজন হবে।

এখানেই বড় প্রশ্ন উঠে আসে—বাংলাদেশ কি ধারাবাহিকভাবে এমন উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে পারবে? অর্থনীতিবিদদের মতে, শুধু প্রবৃদ্ধির সংখ্যা বাড়ালেই হবে না; অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনাও জরুরি। বর্তমানে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ, ডলারের চাপ, উচ্চ মূল্যস্ফীতি এবং বিনিয়োগ স্থবিরতা বড় বাধা হয়ে আছে।

সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান মনে করেন, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার চেয়ে গুরুত্বপূর্ণ হলো অর্থনীতির ভিত শক্তিশালী করা এবং বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা।

➤➤ কৃষক মেরে ভোক্তার পেটে হাত

ব্যবসায়ীরাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, উচ্চ সুদহার, নীতিগত অনিশ্চয়তা এবং ব্যাংকিং খাতের দুর্বলতা বিনিয়োগের পথে প্রধান বাধা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আশরাফ আহমেদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে কখনও ১০ বা ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়নি। এমনকি ৮ শতাংশ প্রবৃদ্ধিও ধরে রাখতে বড় ধরনের দেশি-বিদেশি বিনিয়োগ প্রয়োজন হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু সরকারি ব্যয় বাড়িয়ে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। রপ্তানি বহুমুখীকরণ, প্রযুক্তিনির্ভর শিল্পায়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের দিকে গুরুত্ব দিতে হবে। বর্তমানে তৈরি পোশাক খাত দেশের রপ্তানির প্রধান উৎস হলেও দীর্ঘমেয়াদে একক খাতনির্ভরতা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই তথ্যপ্রযুক্তি, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।

জ্বালানি নিরাপত্তাও এখন বড় ইস্যু। ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেছেন, স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে শিল্প উৎপাদন ব্যাহত হবে এবং বড় অর্থনৈতিক লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে বৈশ্বিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও ভূরাজনৈতিক উত্তেজনাও বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতির জন্য চাপ তৈরি করছে।

অর্থনীতি বিশ্লেষকদের মতে, রাজস্ব আদায়ের হার বাড়ানোও অত্যন্ত জরুরি। বর্তমানে জিডিপির তুলনায় বাংলাদেশের কর আদায়ের হার দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় কম। ফলে বড় অবকাঠামো ও সামাজিক খাতে বিনিয়োগ বাড়াতে সরকারকে ঋণনির্ভর হতে হয়। দীর্ঘমেয়াদে এটি অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ মনে করেন, এখন সবচেয়ে বড় প্রয়োজন কাঠামোগত সংস্কার। বিশেষ করে ব্যাংকিং খাত, জ্বালানি খাত এবং বিনিয়োগনীতিতে স্থিতিশীলতা আনতে না পারলে বড় অর্থনৈতিক লক্ষ্য অর্জন কঠিন হবে।

অন্যদিকে, ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন মনে করেন, ধারাবাহিকভাবে ৭ থেকে ৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে পারলেও বাংলাদেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির খুব কাছাকাছি পৌঁছাতে পারবে।

➤➤ জিডিপিতে ভারতকে টপকে যাচ্ছে বাংলাদেশ

এ পর্যায়ে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য বাংলাদেশের জন্য উচ্চাভিলাষী হলেও অসম্ভব নয়। তবে এটি অর্জনের পথ সহজ হবে না। রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব পরিবেশ, কার্যকর অর্থনৈতিক সংস্কার এবং দক্ষ প্রশাসনিক সক্ষমতা ছাড়া এই লক্ষ্য কেবল ঘোষণাতেই সীমাবদ্ধ থাকার আশঙ্কা রয়েছে।

আগামী বাজেট ও অর্থনৈতিক নীতিমালায় সরকার কী ধরনের বাস্তব পদক্ষেপ নেয়, তার ওপরই অনেকাংশে নির্ভর করবে এই স্বপ্ন কতটা বাস্তবের কাছাকাছি যেতে পারে।

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌২০ মে ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button