বিশ্ব

ভূমিকম্পে মৃতের সংখ্যা দ্বিগুণেরও বেশি: জাতিসংঘ

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা দ্বিগুণেরও বেশি হবে বলে আশঙ্কা করছেন জাতিসংঘের জরুরি ত্রাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। ভূমিকম্পে তুরস্কের বিধ্বস্ত শহর আদানায় পৌঁছে স্কাই নিউজের সাথে কথা বলার সময় এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘মৃ্ত্যের সংখ্যা সঠিকভাবে অনুমান করা কঠিন। কারণ আমাদের ধ্বংসস্তূপ তন্নতন্ন করে খুঁজে দেখতে হবে।। তবে আমি নিশ্চিত যে এর সংখ্যা দ্বিগুণ বা তারও বেশি হবে।’
জাতিসংঘের এই কর্মকর্তা এ ঘটনাকে ‘অত্যন্ত ভয়ঙ্কর’ আখ্যা দিয়ে বলেন, ‘প্রকৃতি সত্যিই কঠোর উপায়ে আঘাত হেনেছে। যা অত্যন্ত ভয়ঙ্কর এবং মর্মান্তিক। আমরা ধারণা করছি যে ধ্বংসস্তূপে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছে, তাদের মধ্যে হয়তো কেউ কেউ বেঁচে রয়েছে। তবে আমরা এখনও মৃতের সংখ্যা গণনা শুরু করিনি।’
তুরস্ক ও সিরিয়ায় ধ্বংসাবশেষের নিচে আটকে পড়াদের আশা ক্রমাগতভাবে ম্লান হচ্ছে। তিনি বলেন, উদ্ধার প্রচেষ্টা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুর্ঘটনা পরবর্তী ৭২ ঘণ্টা উদ্ধারের জন্য সুবর্ণ সময়। কিন্তু মাত্র দুই ঘণ্টা আগেই একজনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এতে উদ্ধার কার্যক্রম কখন বন্ধ করা হবে এবং পরবর্তী পর্যায়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অবশ্যই ভীষণ কঠিন। ফলে আরও নানবিধ সমস্যা সৃষ্টি হতে চলেছে।

Related Articles

Leave a Reply

Back to top button