Leadএনএনবি বিশেষ

৫ মাসে ২৬৮ হামলা, কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছে পুলিশ

◉ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাদের দায়িত্ব, তারা নিজেদের জান বাঁচাতেই তটস্থ

➤➤ যাদের কাঁধে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব, সেই পুলিশ এখন নিজেদের জান বাঁচাতেই তটস্থ। রাস্তায় টহল দিতে গেলে জুটছে পিটুনি, আসামি ধরতে গেলে খেতে হচ্ছে চাপাতির কোপ। এমনকি খোদ এসপি-ডিসির গাড়িতেও হামলা করতে ছাড়ছে না দুর্বৃত্তরা। খোদ পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের মে পর্যন্ত মাত্র ৫ মাসেই পুলিশের ওপর ২৬৮টি হামলার ঘটনা ঘটেছে।

স্বভাবতই প্রশ্ন উঠছে—যে বাহিনী নিজেদেরই রক্ষা করতে পারে না, তারা সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কীভাবে? এটি শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়, বরং রাষ্ট্রের আইনের শাসনের প্রতি এক চরম চপেটাঘাত।

পরিসংখ্যানের আয়নায় পুলিশের অসহায়ত্ব
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত ২১ মাসে দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন ৯৯০ জনের বেশি পুলিশ সদস্য। শুধু গত মে মাসেই সারা দেশে পুলিশের ওপর ৫৫টি হামলার ঘটনা ঘটেছে। আর জুনের মাঝামাঝি আসতেই আরও অন্তত ১০ বার মার খেয়েছে পুলিশ।

মে মাসের ৫৫টি হামলার ভৌগোলিক চিত্র দেখলেই বোঝা যায়, পরিস্থিতি কতটা ভয়াবহ। গেল মাসে সর্বোচ্চ ১০টি করে হামলার ঘটনা ঘটেছে ঢাকা রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জে। আর রাজধানীর বুকে ডিএমপিতে (ঢাকা মেট্রোপলিটন) ৯টি। এর পর আছে, রংপুর রেঞ্জে ৬টি এবং রাজশাহী রেঞ্জে ৫টি। সিএমপি (৩), জিএমপি (৩), সিলেট, খুলনা ও বরিশাল রেঞ্জ (২টি করে), এসএমপি (২), এবং কেএমপি (১)।

◉ ডিজিটাল ফাঁদে সর্বস্বান্ত তরুণ প্রজন্ম, ‌‘ঠুঁটো জগন্নাথ’ প্রশাসন

সবচেয়ে ভয়ংকর তথ্য হচ্ছে, থ্রি-হুইলার চালক থেকে ছিনতাইকারী—সবার কাছেই পুলিশ এখন ‘সহজ লক্ষ্যবস্তু’। সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করে, পুলিশের প্রতি অপরাধীদের আর বিন্দুমাত্র ভয় নেই।

সর্বশেষ মঙ্গলবার (১৬ জুন) খোদ পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসকের (ডিসি) গাড়িতে হামলার স্পর্ধা দেখিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে, রাজধানীর বুকে ছিনতাইকারী ধরতে গিয়ে খোদ থানার ওসি ও এক এসআই চাপাতির কোপে রক্তাক্ত হয়েছেন।

সাভারের বক্তারপুরে মাদক মামলার আসামিকে হাতকড়া পরানোর পর ৪০-৫০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। কুমিল্লার ময়নামতিতে অবৈধ থ্রি-হুইলার আটকের জেরে হাইওয়ে পুলিশের টহল দলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে চালক ও স্থানীয়রা।

কেন এই বেহাল দশা? ‘ট্যাগিং সংস্কৃতি’ নাকি নেতৃত্বের অভাব?
অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, চব্বিশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত দুই বছরেও পুলিশ তার হারানো মনোবল ও পেশাদারিত্ব ফিরে পায়নি। এর অন্যতম প্রধান কারণ বাহিনীর ভেতরের নোংরা ‘ট্যাগিং সংস্কৃতি’।

মতের একটু অমিল হলেই সহকর্মীর গায়ে ‘স্বৈরাচারের দোসর’ তকমা সেঁটে দেওয়ার এক অসুস্থ প্রতিযোগিতা চলছে। ফলে মাঠপর্যায়ের সদস্যরা কোনো অ্যাকশনে যেতে ভয় পাচ্ছেন। তাদের শঙ্কা—বিপদে পড়লে বা সামান্য বিতর্ক তৈরি হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের পাশে দাঁড়াবেন না।

◉ সেই পুরনো লাঠিয়াল ও নিপীড়কের ভূমিকাতেই বন্দি পুলিশ!

সাবেক আইজিপি নূর মোহাম্মদের কথায় এই করুণ বাস্তবতা একেবারে স্পষ্ট। তিনি বলেন, ‘অপরাধীরা যদি পুলিশকে ভয় না পায়, তাহলে অপরাধ কখনো কমবে না। চব্বিশের আগস্টের পর দুই বছর পার হলেও পুলিশ আগের অবস্থানে ফিরতে পারেনি, এর মূল কারণ কার্যকর নেতৃত্বের চরম ঘাটতি। বর্তমান নেতৃত্বের উচিত সদস্যদের মনোবল ফিরিয়ে আনা।’

আরেক সাবেক আইজিপি আশরাফুল হুদার মতে, এসি রুমে বসে নির্দেশ দেওয়ার দিন শেষ। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঠপর্যায়ে গিয়ে ফোর্সকে নেতৃত্ব দিতে হবে। পুলিশ ঘুরে দাঁড়াতে না পারলে সাধারণ মানুষের নিরাপত্তাও খাদের কিনারে গিয়ে ঠেকবে।

মুখস্থ বুলি আওড়াচ্ছে বর্তমান নেতৃত্ব
মাঠের পুলিশ যখন নিয়মিত মার খাচ্ছে, তখন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন ও র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসানরা এখনো ‘জিরো টলারেন্স’ এবং ‘সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগের’ মতো গালভরা বুলি আওড়ে চলেছেন।

সাদা পোশাকে অভিযান বা মোটরসাইকেল টহলের কথা বলে তারা হয়তো নিজেদের সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু বেপরোয়া অপরাধীরা যে তাদের এই সতর্কবার্তাকে থোড়াই কেয়ার করছে, তা রাস্তার চিত্র দেখলেই স্পষ্ট।

◉ সরকারের ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬টি অপহরণ

জনগণের আস্থা তলানিতে, ভেতরের চেইন অব কমান্ড নড়বড়ে, আর মাঠে অপরাধীরা বেপরোয়া—সব মিলিয়ে পুলিশ এখন জটিল এক গোলকধাঁধায় বন্দি। কমিউনিটি পুলিশিং জোরদার করা এবং নিজেদের পেশাদারিত্ব প্রমাণ করা ছাড়া এই ‘অরক্ষিত রক্ষকদের’ সামনে আর কোনো শর্টকাট রাস্তা খোলা নেই।

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌২১ জুন ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button